Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ক্যামাক স্ট্রিটে সংঘর্ষের জের, ডেরেক ও’ব্রায়েনকে তলব কলকাতা পুলিশের

0 4,896,575

শ্রীতমা ব্যানার্জী : ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের দফতরে পুলিশ ও দলীয় কর্মীদের সংঘর্ষের ঘটনায় এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে তলব করল কলকাতা পুলিশ। রবিবার তাঁর প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে গিয়ে শেক্সপিয়র সরণি থানার পুলিশ নোটিস দিয়ে আসে। সোমবার থানায় হাজির হয়ে তাঁকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলা হয়েছে। শনিবারও ডেরেকের বাড়িতে নোটিস দিতে গিয়েছিল পুলিশ। কিন্তু সেদিন তিনি বাড়িতে ছিলেন না। তাঁর পরিচারক নোটিস নিতে অস্বীকার করেন। রবিবার ফের পুলিশ বাড়িতে গেলে সাংসদ তখনও অনুপস্থিত ছিলেন। তবে এদিন ডেরেকের নির্দেশে তাঁর কেয়ারটেকার নোটিসটি গ্রহণ করেন।কেয়ারটেকারের দাবি, ফোনে ডেরেক তাঁকে জানিয়েছিলেন, পুলিশ নোটিস দিতে এলে তা যেন তিনি গ্রহণ করেন। সেই নির্দেশ মেনেই রবিবার নোটিস নেওয়া হয়েছে বলে জানান তিনি।এদিকে, ঘটনার বিষয়ে ডেরেক ও’ব্রায়েন পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, ক্যামাক স্ট্রিটে প্রায় চার ঘণ্টা ধরে বিশৃঙ্খলা চলে। এর মধ্যে প্রায় দু’ঘণ্টা সিঁড়িতেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। তাঁকে ধাক্কা দেওয়া, মাটিতে ফেলে দেওয়া এবং পদদলিত করার অভিযোগও করেন তিনি। ঘটনাটির একাধিক ভিডিয়ো প্রমাণ পুলিশের কাছে রয়েছে বলেও দাবি করেন তৃণমূল সাংসদ।ডেরেকের বক্তব্য, একটি সাইনবোর্ড সরানোর জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার মাত্রা ক্রমেই বাড়ছে এবং রাজ্যজুড়ে তৃণমূল কর্মীরা আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। দলীয় কর্মীদের আইনি ও চিকিৎসা সহায়তা দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। একই ঘটনায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে পুলিশ। মঙ্গলবার তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে।ক্যামাক স্ট্রিটের এই সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যেই দুটি এফআইআর দায়ের হয়েছে। একটি কলকাতা পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা এবং অন্যটি কলকাতা পুরসভার  তরফে দায়ের করা হয়েছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। কলকাতা পুরসভার আধিকারিকরা পুলিশের সঙ্গে নিয়ে ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের দফতরে প্রবেশ করেন। আটতলা ভবনের উপর থেকে তৃণমূলের নাম লেখা একটি বিলবোর্ড সরিয়ে নেওয়ার উদ্যোগকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। পুরসভা ও পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। ধস্তাধস্তি ও উত্তেজনার সেই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত যত এগোচ্ছে, ততই রাজনৈতিক চাপানউতোরও তীব্র হচ্ছে। এবার ডেরেক ও’ব্রায়েন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশের তলব ঘিরে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper