Khabor Ekhon
জোড়াবাগানে ফের বাড়ি ভাঙার আতঙ্ক! ধ্বংসস্তূপে মৃত্যু ১, আহত ১৯
রিচা সেন : টানা বৃষ্টির মধ্যেই উত্তর কলকাতার জোড়াবাগান এলাকায় ভয়াবহ বাড়ি ভাঙার ঘটনায় মৃত্যু হল এক মহিলার। মঙ্গলবার ভোররাতে ব্রজদুলাল স্ট্রিটের একটি পুরনো তিনতলা বাড়ির একাংশ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন বাসিন্দা। ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও ১৯ জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জোড়াবাগান এলাকার ৩১ নম্বর ব্রজদুলাল স্ট্রিটের বাড়িটি দীর্ঘদিনের পুরনো। স্থানীয়দের দাবি, বাড়িটির বয়স প্রায় ২০০ বছর। দীর্ঘদিন ধরেই বাড়িটির অবস্থা জরাজীর্ণ ছিল। তার উপর সাম্প্রতিক টানা বৃষ্টিতে কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
ভোররাতে আচমকাই বিকট শব্দে বাড়ির একটি বড় অংশ ভেঙে পড়ে। সেই সময় বহু বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েন কয়েকজন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় কলকাতা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় উদ্ধার অভিযান। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ সরিয়ে একে একে আটকে থাকা বাসিন্দাদের বের করে আনেন। তবে এক মহিলাকে আর বাঁচানো সম্ভব হয়নি। মাথায় ভারী কংক্রিটের চাঙড় পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে শহরের বিপজ্জনক বাড়িগুলির নিরাপত্তা নিয়ে। স্থানীয়দের দাবি, বাড়িটি আগে থেকেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং কলকাতা পুরসভার তরফে বাড়িটিকে বিপজ্জনক বলে নোটিশও দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও সেখানে বসবাস চলছিল বলে অভিযোগ। বর্ষার মরশুমে কলকাতার বিভিন্ন এলাকায় পুরনো ও জরাজীর্ণ বাড়ি নিয়ে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও কেন বিপজ্জনক বাড়িগুলিতে বসবাস বন্ধ করা যাচ্ছে না, সেই প্রশ্নই ফের সামনে এসেছে। জোড়াবাগানের এই ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের নিরাপদ পুনর্বাসন নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বাড়িটির কাঠামোগত দুর্বলতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

