Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পাক নাগরিককে ভারতীয় সাজানোর ছক ফাঁস! তপসিয়ার ইমরান এসটিএফ -এর জালে

0 76,921,774

রিচা সেন : সন্দেহভাজন পাক নাগরিককে কলকাতায় ঘাঁটি গেড়ে থাকতে সাহায্য এবং ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সহযোগিতার অভিযোগে তপসিয়ার এক বাসিন্দাকে গ্রেফতার করল বাংলার স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতের নাম ইমরান হুসেন। তদন্তকারীদের দাবি, সন্দেহভাজন পাক নাগরিক রউফ রানাকে কলকাতায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ইমরানের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।

এসটিএফ সূত্রে খবর, রউফ রানার সঙ্গে যোগাযোগ ছিল ইজাজ নামে এক ব্যক্তির। ইজাজেরই বন্ধু ইমরান। ২০১৮ সালে রানা কলকাতায় আসার পর ইজাজের মাধ্যমে তার সঙ্গে ইমরানের পরিচয় হয় বলে তদন্তকারীদের দাবি। এরপরই রানা কলকাতায় থাকার জায়গা থেকে শুরু করে ভারতীয় পরিচয়পত্র তৈরির সুবিধা পেতে শুরু করেন বলে অভিযোগ।

তদন্তে উঠে এসেছে, রানার নামে ভুয়ো ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড তৈরির ক্ষেত্রে ইমরান সাহায্য করেছিলেন বলে সন্দেহ এসটিএফ-এর। তবে ওই নথিগুলি কীভাবে তৈরি হয়েছিল, কারা এর সঙ্গে যুক্ত ছিল এবং এর পিছনে আরও কোনও বড় চক্র কাজ করেছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তপসিয়ায় আশ্রয়, জোগাড় হয়েছিল কাজও?

শুধু পরিচয়পত্র নয়, রানার কলকাতায় থাকার ব্যবস্থাতেও ইমরানের ভূমিকা ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে    এসটিএফ। সূত্রের দাবি, তপসিয়ায় ইমরানের নিজের বাড়ি ছিল এবং ইজাজ ও রানা একই এলাকায় একসঙ্গে থাকতেন।

তদন্তকারীরা আরও জানতে পেরেছেন, কলকাতায় আসার পর রানার জন্য একটি ফার্নিচার তৈরির দোকানে কাজের ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল। সেখানে প্রায় দু’মাস কাজ করেছিলেন রানা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ফলে প্রশ্ন উঠছে—একজন সন্দেহভাজন বিদেশি নাগরিক কীভাবে বছরের পর বছর কলকাতায় থেকে গেলেন? কীভাবে তাঁর নামে ভারতীয় পরিচয়পত্র তৈরি হল? আর এই গোটা প্রক্রিয়ায় আরও কারা যুক্ত ছিলেন?

২০১৮ থেকে কলকাতায় রানার গতিবিধি খতিয়ে দেখছে এসটিএফ

রানার কলকাতায় আসার পর থেকে তাঁর প্রতিটি গতিবিধির খতিয়ান তৈরি করতে চাইছে  এসটিএফ । ইমরান, ইজাজ এবং রানার মধ্যে সম্পর্ক ঠিক কতটা গভীর ছিল, তা-ও তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে রউফ রানাকে গ্রেফতার করা হয়েছে। এসটিএফ -এর সন্দেহ, পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ফৈসলাবাদ জেলার হাফিজাবাদের বাসিন্দা রানা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই -এর অপারেটিভদের সঙ্গে যোগাযোগে ছিলেন। বাংলায় স্লিপার সেল তৈরির জন্য সদস্য সংগ্রহের সঙ্গেও তাঁর যোগ থাকতে পারে বলে তদন্তকারীদের সন্দেহ।

নিশানায় কি ছিল সামরিক তথ্য?

তদন্তে আরও গুরুতর কিছু তথ্য সামনে এসেছে বলে এসটিএফ সূত্রের দাবি। অভিযোগ, রানার কথোপকথন ও কার্যকলাপের সূত্র ধরে ফোর্ট উইলিয়াম, সামরিক পরিকাঠামো, সেনা ও বিএসএফ  জওয়ানদের গতিবিধি এবং ভারতীয় রেলের যাতায়াত সংক্রান্ত তথ্য সংগ্রহের সম্ভাব্য চেষ্টার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীদের কাছে রানা দাবি করেছেন, তিনি কাঠমান্ডু হয়ে কলকাতায় এসেছিলেন এবং তপসিয়ার ইজাজ নামে এক ব্যক্তির সাহায্যে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন। এখন এসটিএফ -এর সামনে বড় প্রশ্ন—রানাকে ভারতীয় নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করার নেপথ্যে কি শুধুই কয়েকজন স্থানীয় ব্যক্তি, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও নেটওয়ার্ক? সেই উত্তর খুঁজতেই ইমরানকে জেরা করে ২০১৮ সাল থেকে রানার কলকাতা-অধ্যায়ের পুরো ছবি পুনর্গঠনের চেষ্টা চলছে।

তদন্ত এখনও চলছে। অভিযোগগুলির চূড়ান্ত সত্যতা আদালতে প্রমাণিত হওয়া বাকি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper