Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কুকুর খাওয়ানো নিয়ে সংঘাত চরমে, প্রবীণাকে মারধর-অ্যাসিড হুমকির অভিযোগ

0 3,479,965

শ্রীতমা ব্যানার্জী : পথকুকুরকে খাবার দেওয়া নিয়ে ফের উত্তেজনা উত্তর কলকাতায়। এবার অভিযোগ উঠল এক প্রবীণ মহিলাকে মারধর, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার। ঘটনায় ইতিমধ্যেই শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে এক দম্পতির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগকারী শ্বেতা কাঞ্জিলাল উত্তর কলকাতার ৮০, রাজা নবকৃষ্ণ স্ট্রিটের বাসিন্দা। তাঁর অভিযোগ, বাড়ির আশপাশে নিয়মিত পথকুকুরদের খাবার খাওয়ানোর কারণে বেশ কিছুদিন ধরেই কয়েকজন প্রতিবেশীর সঙ্গে তাঁর বিরোধ চলছিল। বিশেষ করে অভয় ঘোষ লেনের বাসিন্দা এক দম্পতি তাঁকে বারবার হেনস্থা করতেন বলে অভিযোগ।

শ্বেতাদেবীর দাবি, চলতি সপ্তাহের গোড়ায় তিনি বাড়ির সামনে পথকুকুরদের খাবার দিচ্ছিলেন। সেই সময় অভিযুক্ত দম্পতি তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে তাঁকে লাঠি দিয়ে মারধর করা হয়। এমনকি তিনি যে কুকুরগুলিকে খাবার দিচ্ছিলেন, সেগুলিকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

এই ঘটনায় ওই প্রবীণার মাথা ও মুখে আঘাত লাগে বলে অভিযোগ। পরে তিনি শ্যামপুকুর থানায় গিয়ে পুরো ঘটনার কথা জানান। শুধু মারধর বা গালিগালাজ নয়, তাঁকে অ্যাসিড ছুড়ে মুখ ঝলসে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন শ্বেতা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে মহিলাকে কথা ও অঙ্গভঙ্গির মাধ্যমে অপমান করা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং সাধারণ অভিপ্রায়ের মতো ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও পুলিশ জানিয়েছে।

এই ঘটনা ফের একবার কলকাতার বিভিন্ন পাড়ায় পথকুকুরকে খাবার দেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্ককে সামনে এনে দিয়েছে। শহরের বহু এলাকায় পথকুকুরদের খাবার দেওয়া নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মতবিরোধ দেখা যায়। একদিকে পশুপ্রেমীদের দাবি, অসহায় প্রাণীদের খাবার দেওয়া মানবিক দায়িত্ব; অন্যদিকে কিছু বাসিন্দার অভিযোগ, রাস্তা বা খোলা জায়গায় খাবার দেওয়ার কারণে এলাকায় নোংরা-আবর্জনা বাড়ে এবং পথকুকুরদের আনাগোনাও বেড়ে যায়।

কলকাতা ও নিউ টাউনের বিভিন্ন এলাকাতেও অতীতে পথকুকুরকে খাবার দেওয়া নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিবাদ এবং হাতাহাতির অভিযোগ সামনে এসেছে। তবে উত্তর কলকাতার সাম্প্রতিক ঘটনায় একজন প্রবীণাকে মারধর এবং অ্যাসিড হামলার হুমকির অভিযোগ ঘিরে বিষয়টি আরও গুরুতর আকার নিয়েছে।

পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা, ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট এবং অভিযুক্তদের ভূমিকা স্পষ্ট হবে। আপাতত দুই পক্ষের বক্তব্য খতিয়ে দেখছে পুলিশ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper