Khabor Ekhon
প্রাক্তন ডেপুটি স্পিকারের অস্বাভাবিক মৃত্যু, তদন্তে একাধিক প্রশ্ন
রাজনন্দিনী ঘোষ :রবিবার সকালে রামপুরহাটে চাঞ্চল্য ছড়াল প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর ঘটনায়। নিজের বাড়ির লাগোয়া দলীয় কার্যালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে দলীয় কার্যালয়ের ভিতরে আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তবে ওই নোটে ঠিক কী লেখা রয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
আশিস বন্দ্যোপাধ্যায়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে তদন্তকারীদের অনুমান।
প্রাক্তন বিধায়ক ও ডেপুটি স্পিকারের এভাবে মৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলেও আলোড়ন তৈরি হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সুইসাইড নোটের বিষয়বস্তু এবং ময়নাতদন্তের রিপোর্ট তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

