AB Live News
শাহরুখ-অজয়-টাইগারের এলাচি বিজ্ঞাপনে ‘লাল সিগন্যাল’ এফডিএ -র
ইন্দ্রানী দাস : এলাচির বিজ্ঞাপন ঘিরে আইনি জটিলতায় বলিউডের তিন জনপ্রিয় তারকা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। ‘চিউইং এলাচি’ ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের নোটিস পাঠিয়েছে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ( এফডিএ) ।
এফডিএ-র ১৪ অগস্টের নোটিসে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিজ্ঞাপনগুলি ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস এক্ট ,২০০৬ এবং সংশোধিত বিধির কয়েকটি বিধান লঙ্ঘন হয়েছে । তিন অভিনেতাই বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে ওই পণ্যের প্রচারে অংশ নিয়েছেন বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
এই বিজ্ঞাপনকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে এর আগেও ‘ বিমল এলাচি ’-র বিজ্ঞাপনে দেখা গিয়েছে। বিজ্ঞাপনে এলাচির প্রচার করা হলেও ব্র্যান্ডটি পানের মশলা-জাত পণ্যের সঙ্গে যুক্ত হওয়ায় দীর্ঘদিন ধরেই তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর আগে ২০২৫ সালে একই তিন তারকার বিরুদ্ধে ‘ বিমল পান মশলা ’-র বিজ্ঞাপনকে কেন্দ্র করে জয়পুরের জেলা কনজিউমার কমিশনও নোটিস জারি করেছিল। অভিযোগ ছিল, বিজ্ঞাপনে পণ্যে জাফরান থাকার দাবি বিভ্রান্তিকর।
এবার এফডিএ -র নোটিস ঘিরে ফের প্রশ্নের মুখে পড়লেন তিন তারকা। তবে নোটিস পাওয়া মানেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে—এমন নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য এবং পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই এখন নজর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

