Khabor Ekhon
সিঙ্গুরে মার্চেন্টস অ্যাসোসিয়েশনের AGM: ৯০৫ সদস্যকে লটারিতে প্লট বরাদ্দের সিদ্ধান্ত, উন্নয়নের নতুন রূপরেখা
The Greater Kolkata Fruit Potato Onion Vegetables and Lemon Merchants Association-এর বার্ষিক সাধারণ সভা (AGM) রবিবার সিঙ্গুরের বাধা কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বিশ্বনাথ দে। সমিতির ৩৪০ বিঘা জমির উন্নয়ন, আধুনিকীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভার কার্যক্রম পরিচালনা করেন কাজল চট্টোপাধ্যায় এবং হরি নারায়ণ ভট্টার।
সভায় সর্বসম্মতিক্রমে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির বর্তমান কার্যালয় স্থানান্তরের প্রক্রিয়া শুরু করার পাশাপাশি লটারি পদ্ধতিতে ৯০৫ জন সদস্যের মধ্যে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে প্লট বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপকে সংগঠনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এছাড়াও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের অন্তর্গত বিভিন্ন মুলতুবি বিষয় ও মতভেদ সভাপতির নেতৃত্বে ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক উপায়ে নিষ্পত্তি করার অঙ্গীকার করা হয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় উপস্থিত বক্তারা বলেন, সমিতির ২০ বছরের গৌরবময় পথচলার পর এবার উন্নয়ন ও অগ্রগতির নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ৩৪০ বিঘা জমিকে কেন্দ্র করে একটি আধুনিক, সুশৃঙ্খল ও পরিকাঠামোসমৃদ্ধ কৃষিপণ্য বিপণন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। এর ফলে ফল, আলু, পেঁয়াজ, শাকসবজি ও লেবু ব্যবসার সঙ্গে যুক্ত হাজার হাজার ব্যবসায়ী ও কৃষক উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঐক্য, স্বচ্ছতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই বৃহৎ প্রকল্পকে সফল করে তোলা হবে। একই সঙ্গে সকল সদস্য, শুভানুধ্যায়ী এবং সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

