AB Live News
নাইটি’ পরে গাছে ঝুলছে আম! নতুন পদ্ধতিতে আশার আলো দেখছেন আমচাষীরা
রমিত সরকার, (নদীয়া🙂 আমের গায়ে ‘নাইটি’ পরিয়ে চাষ—এই অভিনব পদ্ধতি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। গাছে ঝুলন্ত প্রতিটি আমকে বিশেষ কাপড় বা জালের আবরণে ঢেকে দিচ্ছেন চাষিরা। দেখতে অনেকটা ছোটদের নাইটির মতো হওয়ায় স্থানীয়ভাবে এর নাম দেওয়া হয়েছে ‘আমের নাইটি’। আর এই নতুন কৌশলেই এবার আশার আলো দেখছেন বহু আমচাষী।

চাষিদের কথায়, মানুষ যেমন জামা পরে শরীরকে সুরক্ষিত রাখে, তেমনই আমের গায়ে এই ‘জামা’ পরিয়ে দিলে ফলের গুণগত মান অনেকটাই ভাল থাকে। বিশেষ করে আমের রং উজ্জ্বল ও আকর্ষণীয় হয়, বাইরের কালো দাগ বা পোকার ক্ষতও অনেক কম দেখা যায়। পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ থেকেও কিছুটা সুরক্ষা মিলছে বলে দাবি চাষিদের।
জানা গিয়েছে, ফল একটু বড় হওয়ার পরেই প্রতিটি আমের গায়ে আলাদা করে এই আবরণ পরানো হচ্ছে। এতে সরাসরি রোদ, ধুলোবালি ও পোকামাকড়ের সংস্পর্শ অনেকটাই কমে যাচ্ছে। ফলে বাজারে আমের চাহিদা ও দাম—দুইই বাড়তে পারে বলে আশাবাদী কৃষকরা।এই বছরই প্রথম অনেক চাষি পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি ব্যবহার করছেন। চাষিদের একাংশ জানান, মাঝেমধ্যেই ‘নাইটি’ খুলে আম পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত ফল যথেষ্ট ভাল বলেই মনে হচ্ছে তাদের। অনেকের দাবি, আগের তুলনায় আমের গায়ে দাগ কম পড়ছে এবং ফলের উজ্জ্বলতাও বজায় থাকছে।

চাষিদের আশা, এই নতুন প্রযুক্তি ভবিষ্যতে আমচাষে লাভের নতুন দিশা দেখাবে। একই সঙ্গে ক্রেতারাও পাবেন আরও সুন্দর ও উন্নত মানের আম। কৃষি বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে এই পদ্ধতি ব্যবহার করা গেলে রাসায়নিক কীটনাশকের ব্যবহারও কিছুটা কমানো সম্ভব হতে পারে। ফলে পরিবেশবান্ধব চাষের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

