Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কালীঘাটে জরুরি বৈঠক মমতার

0 69,437,668

 রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন এবং নতুন সরকারের শপথ গ্রহণের পর উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় ফের সক্রিয় হয়ে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার কালীঘাটে নিজ বাসভবনে দলের জেলা স্তরের শীর্ষ নেতাদের নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন তিনি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, ইতিমধ্যেই বিভিন্ন জেলার সভাপতি এবং বিশেষ সাংগঠনিক পদে থাকা নেতাদের কাছে এই সংক্রান্ত বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। নির্বাচনের ফলাফল এবং পরবর্তী রণকৌশল নির্ধারণে এই বৈঠক তৃণমূলের অন্দরে বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে আলোচনার বিষয়বস্তু খোলসা করা হয়নি, তবে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে যে, পরাজয়ের গ্লানি সরিয়ে জেলায় জেলায় সংগঠনকে নতুন করে শক্তিশালী করাই নেত্রীর প্রধান লক্ষ্য।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মমতার এই পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সোমবার রাজ্যে বিজেপি সরকারের দায়িত্বভার গ্রহণের পরেই তৃণমূল নেত্রী বিজেপি-বিরোধী সমস্ত শক্তির উদ্দেশে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, এই লড়াই তাঁর একার নয়, বরং গণতন্ত্র রক্ষার লড়াই। এদিন এক প্রকাশ্য সভায় তিনি বলেন, “ভয় না পেয়ে বাংলার সমস্ত রাজনৈতিক বিরোধী দল যারা আছে, তাদের এক হওয়ার ডাক দিচ্ছি। জোট বাঁধুন, যৌথ মঞ্চ তৈরি হবে। আমার কোনও ইগো নেই। বিজেপিকে রুখতে হলে আমি বামেদেরও আহ্বান জানাচ্ছি—আসুন, আমরা জোট বাঁধি। এখন আমাদের প্রথম রাজনৈতিক শত্রু হল বিজেপি।” তৃণমূল নেত্রীর এই ‘একজোট’ হওয়ার বার্তা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন যে, ভোট পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের ওপর সন্ত্রাস চালানো হচ্ছে। তাঁর দাবি, “আমাদের হারিয়ে দেওয়া হয়েছে এটা একদিন প্রমাণ হবেই। ভোট মিটে যাওয়ার রাত থেকেই পুলিশ নিশ্চুপ হয়ে গিয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কিন্তু আমাদের নীতির লড়াই এখন থেকেই শুরু হল। দিল্লির বহু নেতা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। আমরা সংখ্যায় কম থাকতে পারি, কিন্তু লড়াই জারি থাকবে।” দলে ‘বেনোজল’ ঢোকা নিয়ে আক্ষেপ প্রকাশ করার পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, যারা চলে যেতে চায় তারা যেতে পারে, কিন্তু যারা আদর্শ নিয়ে থাকতে চায়, তাদের নিয়েই তিনি আগামী দিনের দীর্ঘ আন্দোলনের রাস্তা তৈরি করবেন।

অন্যদিকে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় ঘোষণা করেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে রাজ্যের সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে প্রথমবার ভার্চুয়াল বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকেই কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের প্রতি কড়া নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত বর্ষীয়ান রাজনীতিক এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনও ধরনের ত্রুটি বা খামতি না থাকে।” রাজনৈতিক মতাদর্শের লড়াই থাকলেও সৌজন্যের এই বাতাবরণ বজায় রাখা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রাপ্য মর্যাদা সুনিশ্চিত করার বিষয়টি প্রশাসনের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তবে শুক্রবারের কালীঘাটের বৈঠক থেকেই তৃণমূল তাদের বিরোধী আন্দোলনের পরবর্তী গতিপথ নির্ধারণ করবে বলে মনে করছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল। পরাজয়ের ধাক্কা কাটিয়ে মমতা কীভাবে সংগঠনকে ফের ঘুরে দাঁড় করান, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper