AB Live News
কৃষ্ণনগরে বিজেপির লোগো লাগানো গাড়ির বেপরোয়া দাপাদাপি, মদ্যপ অবস্থায় চালানোর অভিযোগে আটক এক ব্যক্তি
রমিত সরকার, (নদীয়া): কৃষ্ণনগর শহরে বিজেপির লোগো লাগানো একটি গাড়িকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, গাড়ির চালক মদ্যপ অবস্থায় শহরের বিভিন্ন এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পথচারীদের বিপদের মুখে ফেলছিল। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় কৃষ্ণনগরের বেজিখালী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির গাড়ির একদিকে ‘অ্যাডভোকেট’ লেখা স্টিকার এবং অন্যদিকে বিজেপির দলীয় লোগো লাগানো ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত বাড়ার সঙ্গে সঙ্গে গাড়িটি শহরের বিভিন্ন রাস্তায় অত্যন্ত বেপরোয়া ভাবে ঘোরাফেরা করতে থাকে। অভিযোগ, একাধিক পথচারীকে ধাক্কা মারতে মারতে গাড়িটি বেজিখালী এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই স্থানীয় মানুষজন গাড়িটিকে ঘিরে ধরে আটকে দেন। এরপর খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং গাড়িতে থাকা এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি গাড়িটিকেও পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
ঘটনার পর থেকেই শহরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। গাড়িতে রাজনৈতিক দলের লোগো লাগানো থাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই ব্যক্তি আদৌ কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, নাকি অন্য কোনও উদ্দেশ্যে গাড়িতে দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছিল—তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর একাংশের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দুই-ই দেখা দিয়েছে। রাতের শহরে এভাবে বেপরোয়া গাড়ি চালানো এবং রাজনৈতিক প্রতীক ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ সামনে আসায় নতুন করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কৃষ্ণনগরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির মেডিক্যাল পরীক্ষা-সহ গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তের পরিচয় জানতে তদন্ত চালাচ্ছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

