Khabor Ekhon
মতুয়াগড়ে পদ্ম-ঝড়, নদিয়া থেকে লালবাড়ির টিকিট পাচ্ছেন কে?
নদীয়া জেলার রাজনৈতিক মানচিত্রে এখন শুধুই গেরুয়া আবির। বিশেষ করে জেলার দক্ষিণাঞ্চলে মতুয়াগড় হিসেবে পরিচিত জনপদগুলোতে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে ঘাসফুল। এসআইআর তালিকা নিয়ে ক্ষোভ বা শাসকদলের প্রচার— কোনও কিছুকেই তোয়াক্কা না করে মতুয়ারা দু’হাত উজাড় করে ভোট দিয়েছেন বিজেপিকে। আর এই বিপুল জয়ের পর এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, নতুন সরকারের মন্ত্রিসভায় নদিয়া জেলা থেকে ঠাঁই পাচ্ছেন কে? দীর্ঘদিনের আনুগত্য এবং লড়াইয়ের ‘উপহার’ হিসেবে মতুয়া সমাজ থেকে কি কোনও মুখকে লালবাড়িতে পাঠানো হবে? নাকি নদিয়া উত্তরের হেভিওয়েট জয়ী প্রার্থীরাই বাজিমাত করবেন? জেলাজুড়ে এখন এই জল্পনাই তুঙ্গে।
রাজনৈতিক মহলের বিশ্লেষণ অনুযায়ী, এবার নদিয়া জেলাজুড়ে বিজেপির পারফরম্যান্স চোখে পড়ার মতো। জেলার উত্তর অংশে তৃণমূলের একাধিক দাপুটে মন্ত্রী ও বর্ষীয়ান নেতার পতন ঘটিয়েছেন বিজেপি প্রার্থীরা। কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে তিনবারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে ২৭ হাজার ৮০০ ভোটের ব্যবধানে পরাজিত করে ইতিহাস তৈরি করেছেন বিজেপি প্রার্থী সাধন ঘোষ। একইভাবে নাকাশিপাড়ার পাঁচবারের বিধায়ক কল্লোল খাঁকে হারিয়েছেন শান্তনু দে। নবদ্বীপের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে বর্ষীয়ান নেতা পুণ্ডরীকাক্ষ সাহাকে ২৩ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন শ্রুতশেখর গোস্বামী। হিন্দুত্বের হাওয়া এবং ঐতিহ্যের কথা মাথায় রেখে শ্রুতশেখর গোস্বামীর নামও মন্ত্রিত্বের দৌড়ে ঘোরাফেরা করছে। তবে নদিয়া উত্তরের পাল্লা বরাবর ভারী থাকলেও এবার মতুয়া আবেগকে গুরুত্ব দিয়ে নদিয়া দক্ষিণ থেকে মন্ত্রী বাছার সম্ভাবনা প্রবল।
মতুয়া অধ্যুষিত কৃষ্ণগঞ্জ থেকে কল্যাণী পর্যন্ত যে নিচ্ছিদ্র পদ্ম-দুর্গ তৈরি হয়েছে, তা অস্বীকার করার উপায় নেই কেন্দ্রীয় নেতৃত্বের। রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের হেভিওয়েট জয়ী প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায় এবার ৫৭ হাজার ৫০০ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়ে নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। জেলার রাজনীতির অন্যতম কারিগর হিসেবে তাঁর নাম মন্ত্রিসভার তালিকায় সবার উপরে রয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি চাকদহের অভিজ্ঞ রাজনীতিবিদ বঙ্কিমচন্দ্র ঘোষ এবং হরিণঘাটার জয়ী প্রার্থী অসীম কুমার সরকারের নাম নিয়েও যথেষ্ট চর্চা চলছে। মতুয়াদের ঘরে মন্ত্রিত্ব গেলে তা যে লোকসভা ভোটের সমীকরণকেও প্রভাবিত করবে, তা ভালোই বোঝেন শাহ-নাড্ডারা।
রানাঘাট সাংগঠনিক জেলা বিজেপির সভানেত্রী অপর্ণা নন্দী জানিয়েছেন, নদিয়া দক্ষিণ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি এবং রাজ্য বিজেপির উত্থানে এই অঞ্চলের অবদান অনস্বীকার্য। শীর্ষ নেতৃত্ব সমস্ত দিক বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যদিও কৃষ্ণগঞ্জ বা রানাঘাট দক্ষিণ থেকে এবার নতুন মুখদের প্রার্থী করেছিল বিজেপি, তবুও বিপুল মার্জিনের জয় তাঁদের দাবিকেও জোরালো করেছে। মন্ত্রিত্বের এই লড়াইয়ে শেষ পর্যন্ত শিঁকে কার ছেঁড়ে, তা স্পষ্ট হবে শনিবারের শপথ গ্রহণ অনুষ্ঠানেই। তবে এটুকু নিশ্চিত যে, নদিয়া জেলা থেকে এবার একাধিক মুখকে মন্ত্রিসভায় এনে জেলার উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক সমীকরণ মজবুত করতে চাইছে গেরুয়া শিবির। নদিয়ার উত্তর না দক্ষিণ— শেষ হাসি কে হাসবেন, এখন সেটাই দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

