Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, কড়া নজরদারি কমিশনের

0 309,865,487

 বহু প্রতীক্ষিত ভোটগণনার মাত্র কয়েক ঘণ্টা আগে নিরাপত্তার প্রশ্নে বিন্দুমাত্র আপস করতে নারাজ নির্বাচন কমিশন। গণনাকেন্দ্রের সুরক্ষায় কোনও রকম ঢিলেমি বা গাফিলতি সহ্য করা হবে না বলে জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার অগ্রবাল। রবিবার ফল ঘোষণার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি কাউন্টিং এজেন্ট এবং নিরাপত্তা কর্মীদের জন্য একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করেছে কমিশন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের প্রোটোকল লঙ্ঘন করলে সংশ্লিষ্ট স্তরের পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এমনকি, রিটার্নিং অফিসারের বিশেষ অনুমতি ব্যতীত কোনও কাউন্টিং এজেন্ট গণনা শেষ হওয়ার আগে কেন্দ্র ছেড়ে বাইরে যেতে পারবেন না।

কমিশন সূত্রে জানানো হয়েছে, প্রতিটি গণনাকেন্দ্রকে ঘিরে থাকবে অভেদ্য ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। নিয়ম অনুযায়ী, প্রতিটি স্তরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হচ্ছে। সিইও মনোজকুমার অগ্রবাল রবিবার সাফ জানিয়েছেন, যদি দ্বিতীয় স্তরের নিরাপত্তায় কোনও অনিয়ম বা ত্রুটি ধরা পড়ে, তবে তার দায়ভার বর্তাবে প্রথম স্তরের নিরাপত্তা কর্মীদের ওপর। একইভাবে দ্বিতীয় ও তৃতীয় স্তরের ক্ষেত্রেও পারস্পরিক দায়বদ্ধতার নিয়ম কঠোরভাবে বলবৎ থাকবে। সুরক্ষার এই নিশ্ছিদ্র চাদরে কোনও ফাঁক থাকলে সংশ্লিষ্ট আধিকারিকদের জবাবদিহি করতে হবে। গণনাকেন্দ্রের অভ্যন্তরীণ শান্তি ও স্বচ্ছতা বজায় রাখতে মোট ২৪২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, যার মধ্যে অতিরিক্ত গণনা পর্যবেক্ষকের (কাউন্টিং অবজ়ার্ভার) পাশাপাশি রয়েছেন পুলিশ পর্যবেক্ষকরাও।

এবারের গণনায় প্রযুক্তির ব্যবহার এবং গোপনীয়তা রক্ষায় নজিরবিহীন সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নির্দেশিকা অনুযায়ী, গণনা পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসার ছাড়া আর কারোরই গণনাকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি নেই। এমনকি গণনা কর্মীদের ব্যক্তিগত মোবাইল নম্বর যাতে কোনওভাবেই জনসমক্ষে না আসে, তার জন্য জেলা নির্বাচনী আধিকারিকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও কর্মীর নম্বর ফাঁস হওয়ার খবর মেলে, তবে তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে। গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে ফর্ম-১৭সি-টু-তে ফলাফল লিপিবদ্ধ করবেন ‘কাউন্টিং সুপারভাইজ়র’। সেখানে কাউন্টিং এজেন্টদের উপস্থিতি বাধ্যতামূলক এবং তাঁদের স্বাক্ষর নিতে হবে। এছাড়া প্রতিটি টেবিলে মোতায়েন থাকা মাইক্রো অবজ়ার্ভাররা নিজস্ব নথিতে আলাদা করে ফলাফল লিখে রাখবেন, যাতে পরে মিলিয়ে দেখা সহজ হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যের ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। তাঁদের মূল দায়িত্ব হবে গণনাকেন্দ্রের বাইরের চত্বর এবং সংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিত করা। তবে কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, কোনও অবস্থাতেই এই পুলিশ পর্যবেক্ষকরা গণনাকক্ষের ভেতরে প্রবেশ করতে পারবেন না। তাঁরা বাইরে থেকে অন্যান্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিরন্তর সমন্বয় রক্ষা করে চলবেন। গণনাকেন্দ্রের ভেতরে ও বাইরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় এবং জনমতের প্রতিফলন যাতে বিঘ্নহীনভাবে নথিবদ্ধ করা যায়, তার জন্য শেষ মুহূর্তের এই প্রস্তুতিতে বিন্দুমাত্র ফাঁক রাখতে চাইছে না কমিশন। জেলা প্রশাসনগুলিকে সতর্ক করে জানানো হয়েছে, প্রতিটি পদক্ষেপ যেন নির্ধারিত প্রোটোকল মেনেই সম্পন্ন হয়। সব মিলিয়ে, এক টানটান উত্তেজনার আবহে কড়া পাহারায় ভাগ্যনির্ধারণের অপেক্ষায় এখন গোটা রাজ্য।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper