Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভোটগণনার আগে উত্তপ্ত নোয়াপাড়া, বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি

0 591,256,807

 ভোটগণনার ঠিক প্রাক্কালে বারুদ ও বন্দুকের শব্দে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চল নোয়াপাড়া। শনিবার রাতে নোয়াপাড়ার গারুলিয়া এলাকায় বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক কুন্দন সিংহের বাড়ি লক্ষ্য করে পর পর দু’রাউন্ড গুলি চালায় বাইকে আসা দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। বিজেপি এই হামলার ঘটনায় সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল তুললেও শাসক দল সেই অভিযোগ নস্যাৎ করে দিয়ে একে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বা সাজানো নাটক বলে কটাক্ষ করেছে।

শনিবার রাতের ওই চাঞ্চল্যকর ঘটনার একটি সিসিটিভি ফুটেজ (যার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি) প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে একটি বাইকে চেপে দুই যুবক কুন্দন সিংহের বাড়ির সামনে এসে থামে। বাইকের পিছনে বসে থাকা যুবকটি নেমে অত্যন্ত ঠান্ডা মাথায় বাড়ি লক্ষ্য করে পর পর দু’টি গুলি চালায়। মুহূর্তের মধ্যে অপারেশন শেষ করে বাইকে চেপেই তারা চম্পট দেয়। গুলির শব্দ পেয়ে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা বেরিয়ে এলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই দ্রুত নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং স্থানীয় সোর্সের মাধ্যমে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে। ধৃতদের নাম আকাশ চৌধরি এবং আমনদীপ চৌধরি। জানা গিয়েছে, আকাশ বাইকটি চালাচ্ছিল এবং আমনদীপ গুলি চালিয়েছিল। রবিবারই তাঁদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি ব্যালিস্টিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে যাতে নিশ্চিত হওয়া যায় যে ওই বন্দুক থেকেই শনিবার রাতে গুলি চলেছিল।
আক্রান্ত বিজেপি নেতা কুন্দন সিংহের দাবি, এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর নেপথ্যে তৃণমূলের প্রত্যক্ষ মদত রয়েছে। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “কেন আমাকে লক্ষ্য করে এই হামলা হলো তা স্পষ্ট। সিসিটিভিতে যাদের দেখা গিয়েছে, তারা এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী হিসেবেই পরিচিত। শাসক দলের অনেক বড় নেতার সঙ্গেই ওদের ছবি রয়েছে।” নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংহ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দাবি করেছেন, ভোটগণনার আগে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে সাধারণ মানুষকে ঘরবন্দি করতে চাইছে তৃণমূল। তিনি সরাসরি তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যের ঘনিষ্ঠ মহলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
অন্যদিকে, বিজেপির তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য। তিনি পাল্টা দাবি করেছেন, ধৃত দুষ্কৃতীদের সঙ্গে তাঁর বা দলের কোনও সম্পর্ক নেই। তৃণাঙ্কুরের কথায়, “আমি এই ধরনের হিংসাকে সমর্থন করি না। পুলিশ পুলিশকে কাজ করতে দেওয়া হোক। দোষীরা গ্রেফতার হয়েছে, তাদের কঠোর শাস্তি হোক।” জগদ্দলের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন, গণনার আগে মানুষের সহানুভূতি পেতেই বিজেপি নিজেদের লোকের মাধ্যমে এই ঘটনা ঘটিয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা উচিত। সব মিলিয়ে, গণনার আগের রাতে নোয়াপাড়ার এই গুলিকাণ্ড ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পুলিশি টহলদারি বাড়ানো হলেও বাসিন্দাদের মনে চাপা আতঙ্ক থেকেই যাচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper