Khabor Ekhon
ভোটের ফল ঘোষণার আগের দিন কৃষ্ণনগরে এসইউসিআই-এর বিক্ষোভ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক আগের দিন রাজনৈতিক আবহ যখন তুঙ্গে, সেই সময়ই মূল্যবৃদ্ধির ইস্যুকে সামনে রেখে পথে নামল এসইউসিআই (কমিউনিস্ট) দল। শনিবার ৩ মে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নদীয়ার কৃষ্ণনগর শহরের পাত্র বাজার সংলগ্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।
দলীয় পতাকা, ব্যানার ও প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কর্মসূচির অংশ হিসেবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি প্রতীকী সিলিন্ডার দাহ করা হয়। আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান দলের কর্মীরা। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী অর্থনৈতিক নীতির ফলেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি রান্নার গ্যাসের দাম ক্রমাগত বেড়েই চলেছে, যার সরাসরি প্রভাব পড়ছে ছোট ব্যবসায়ী, হোটেল মালিক, পথের খাবারের দোকানদার থেকে সাধারণ মানুষের উপর।
বিক্ষোভ মঞ্চ থেকে এসইউসিআই নেতৃত্বের বক্তব্য, ৩ মে থেকে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি মূল্য ৯৯৪ টাকা বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উপর নতুন করে আর্থিক চাপ তৈরি হয়েছে। অবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করার দাবি তোলেন তাঁরা। পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রের কাছে দাবি জানানো হয়।
আগামীকাল রাজ্যের বহু প্রতীক্ষিত বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে যখন রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে, ঠিক সেই আবহেই কৃষ্ণনগরের এই প্রতিবাদ কর্মসূচি রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

