Khabor Ekhon
মোফাক্কেরুল-সহ ৫২ জনের জামিন খারিজ, ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ
মালদহের মোথাবাড়িতে কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারকদের হেনস্থা ও ঘেরাওয়ের ঘটনায় ধৃত ৫২ জন অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। ধৃতদের আগামী ১৩ মে পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। ধৃতদের এই তালিকায় রয়েছেন মোফাক্কেরুল ইসলামও।
ঘটনার সূত্রপাত ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কাজকে কেন্দ্র করে। হাইকোর্ট নিযুক্ত বিচারকেরা ভোটারদের নথি যাচাই ও নিষ্পত্তির দায়িত্বে ছিলেন। অভিযোগ, বিবেচনাধীন তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছিল, তাঁদের একটি অংশ কালিয়াচক-২ ব্লক অফিসে সাত জন বিচারককে মধ্যরাত পর্যন্ত আটকে রাখেন এবং তাঁদের হেনস্থা করেন।
আদালতের নির্দেশে এবং নির্বাচন কমিশনের সুপারিশে এই ঘটনার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়। তবে এনআইএ তদন্ত শুরু করার আগেই মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি)। পরবর্তীতে ঘটনার ভিডিও ফুটেজ পরীক্ষা করে আরও ৫১ জনকে (সর্বমোট ৫২ জন) গ্রেফতার করা হয়।
তদন্তের শুরুতে এনআইএ এবং রাজ্য পুলিশের মধ্যে দীর্ঘ টানাপোড়েন চললেও, শেষ পর্যন্ত আদালতের হস্তক্ষেপে এনআইএ-র হাতে সম্পূর্ণ মামলার নথিপত্র হস্তান্তরিত হয়। বৃহস্পতিবার অভিযুক্তদের পরিবারের তরফে জামিনের আবেদন করা হলে আদালত উভয় পক্ষের বক্তব্য শোনে। শেষে অপরাধের গুরুত্ব বিবেচনা করে বিচারক ৫২ জন অভিযুক্তকেই ১৩ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

