Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

নারী সংরক্ষণ বনাম ডিলিমিটেশন: মোদীকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

0 96,324,189

 ২০২৬-এর ভোটযুদ্ধের দামামা যত বাজছে, জাতীয় রাজনীতির ইস্যুগুলি ততই প্রাসঙ্গিক হয়ে উঠছে বাংলার মাটিতে। নারী সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বক্তব্যের পাল্টা দিতে রবিবার রণংদেহী মেজাজে অবতীর্ণ হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে সমাজমাধ্যমে (এক্স হ্যান্ডেল) দীর্ঘ পোস্ট এবং বিকেলে তারকেশ্বরের জনসভা— দুই মঞ্চ থেকেই প্রধানমন্ত্রীর ‘মিথ্যাচার’ ও ‘ বিভ্রান্তি’ ছড়ানোর অভিযোগ তুলে কড়া ভাষায় আক্রমণ শানালেন তিনি। নেত্রীর স্পষ্ট দাবি, নারী সংরক্ষণের আড়ালে আসলে ‘ডিলিমিটেশন’ বা রাজনৈতিক সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ক্ষমতার জবরদখল করতে চাইছে বিজেপি সরকার।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে, তৃণমূল কংগ্রেস নারী সংরক্ষণের বিরোধী নয়, বরং এই বিষয়ে তাঁরাই পথপ্রদর্শক। নিজের দলের নারী প্রতিনিধিত্বের পরিসংখ্যান তুলে ধরে তিনি দাবি করেন, তৃণমূলই একমাত্র দল যারা কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। নেত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, লোকসভায় তৃণমূলের নির্বাচিত সদস্যদের মধ্যে ৩৭.৯% মহিলা। রাজ্যসভায় তৃণমূলের মহিলা সদস্যের হার ৪৬%। সংসদ ও বিধানসভা— উভয় ক্ষেত্রেই নির্বাচিত নারী প্রতিনিধিদের অনুপাতে তাঁর দল যে দেশের মধ্যে শীর্ষে, সেই দাবিকে হাতিয়ার করেই মোদী সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

নারী সংরক্ষণ সংশোধনী বিলটি কেন এই মুহূর্তে কার্যকর না করে ঝুলিয়ে রাখা হয়েছে, তা নিয়ে প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা। তাঁর অভিযোগ, মোদী সরকার মহিলাদের ‘রাজনৈতিক ঢাল’ হিসেবে ব্যবহার করে আসলে তাদের ব্যক্তিগত অভিসন্ধি চরিতার্থ করতে চাইছে। তিনি লেখেন, “আমরা মৌলিকভাবে যেটির বিরোধিতা করছি তা হল সেই ডিলিমিটেশন প্রক্রিয়া, যা সরকার তাদের ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কার্যকর করার ষড়যন্ত্র করছিল। এটি বাবাসাহেব আম্বেদকরের সংবিধান পরিবর্তন এবং অন্যান্য রাজ্যের বিনিময়ে বিজেপি-শাসিত রাজ্যগুলিকে বেশি প্রতিনিধিত্ব পাইয়ে দেওয়ার চক্রান্ত।”

নেত্রীর মতে, এটি কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, বরং ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর এক সরাসরি আঘাত। এবং তৃণমূল কংগ্রেস এই ‘অন্যায়’ চুপচাপ মেনে নেবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

তারকেশ্বরের সভা থেকে নেত্রী প্রশ্ন তোলেন, ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর নারী সংরক্ষণ বিল পাশ হওয়ার পর প্রায় তিন বছর কেন সরকার হাত গুটিয়ে বসে রইল? এখন কেন হঠাৎ করে নির্বাচন চলাকালীন এই ইস্যু নিয়ে হইচই করা হচ্ছে? তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে বহু মহিলার নাম বাদ দেওয়া হয়েছে, যা বিজেপির ‘নারী-বিরোধী’ মানসিকতারই পরিচয়। প্রধানমন্ত্রীকে নিশানা করে তাঁর প্রশ্ন, “এক বিল ক’বার পাশ হয়? মহিলা বিলের সঙ্গে তোমরা কেন ডিলিমিটেশন জুড়ে দিয়েছ?”

তৃণমূল জমানায় কন্যাশ্রী থেকে শুরু করে লখী ভাণ্ডারের মতো প্রকল্পের সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে নেত্রী বলেন, বাংলায় ছাত্রীদের হার বৃদ্ধি এবং বাল্যবিবাহ রোধে যে সাফল্য মিলেছে, তা নজিরবিহীন। নারী উন্নয়ন নিয়ে কেন্দ্রের শাসকদলের কাছ থেকে তিনি কোনও ‘জ্ঞানগর্ভ বক্তৃতা’ শুনতে রাজি নন।

এদিনের সভা থেকে মোদী সরকারের ‘ঔদ্ধত্য’ নিয়েও সরব হন মমতা। সম্প্রতি প্রধানমন্ত্রীর একটি ভাষণ সরকারি মাধ্যম দূরদর্শনে সম্প্রচারিত হওয়া নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। নেত্রীর কথায়, “মাইনরিটি সরকার নিয়ে এত বড় ঔদ্ধত্য! গত পরশু মোদীবাবু লোকসভায় হেরেছেন, পতন শুরু হয়ে গেছে। এখন সরকারি যন্ত্র এবং দূরদর্শনকে ব্যবহার করে ‘মোদী দর্শন’ চালানো হচ্ছে। আমরা এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে কমপ্লেন করব।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কড়া অবস্থানের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডিলিমিটেশন ইস্যুকে সামনে এনে মমতা আসলে দক্ষিণ ভারতের রাজ্যগুলি এবং বাংলার মতো অ-বিজেপি রাজ্যগুলির বঞ্চনার সুরকে আরও জোরালো করলেন। একদিকে কেন্দ্র যখন নারী সংরক্ষণকে নিজেদের সাফল্য হিসেবে তুলে ধরছে, তখন তার কারিগরি জটিলতা ও ডিলিমিটেশনের চক্রান্ত ফাঁস করে মোদীকে ব্যাকফুটে ঠেলে দেওয়াই এখন তৃণমূলের রণকৌশল।

রবিবার বিকেল পর্যন্ত বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ২০২৬-এর নির্বাচনী বৈতরণী পার হতে ‘নারী শক্তি’ যে দুই পক্ষের কাছেই বড় অস্ত্র, তা মমতার রবিবাসরীয় মেজাজেই স্পষ্ট।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper