Khabor Ekhon
বিজেপির নারী-প্রেম নিয়ে তোপ তৃণমূলের
সংসদে সংবিধান সংশোধনী বিল ও নারী সংরক্ষণ ইস্যুকে কেন্দ্র করে দিল্লি এবং কলকাতার মধ্যে শুরু হওয়া সংঘাত এবার চরম আকার নিল। ডিলিমিটেশন বিলকে নারী সংরক্ষণ বিলের সঙ্গে জুড়ে বিজেপি মানুষকে বোকা বানানোর যে ‘ষড়যন্ত্র’ করেছিল, তা সংসদে বিরোধীদের কাছে ধরা পড়ে গিয়ে গোহারা হেরেছে— এই দাবি নিয়ে রবিবার বিকেলে রণংদেহি মেজাজে ধরা দিল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল ভবনে এক বিশেষ সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা এবং দুই হেভিওয়েট সাংসদ মহুয়া মৈত্র ও প্রতিমা মণ্ডল গেরুয়া শিবিরের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান। তাঁদের সাফ কথা, যে দল বাংলার মুখ্যমন্ত্রীকে অপমানজনক ভাষায় আক্রমণ করে, তাদের কাছ থেকে অন্তত নারীর সম্মান শিখতে হবে না বাংলার মানুষকে।
সাংবাদিক বৈঠকের শুরুতেই মন্ত্রী শশী পাঁজা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “বিজেপি সংসদে তাঁদের পরাজয় লুকাতে পারছে না। হার স্বীকার করতে না পেরে এখন প্রধানমন্ত্রী নারীশক্তি ও উন্নয়নের কথা বলে মানুষকে ভুল বোঝাচ্ছেন। নরেন্দ্র মোদীজি কি ভুলে গিয়েছেন একুশের নির্বাচনের সময় বাংলার মুখ্যমন্ত্রীকে আপনি কী ভাবে সম্বোধন করেছিলেন? আপনাদের মুখে নারী সম্মানের কথা মানায় না।” শশী পাঁজা আরও দাবি করেন, তৃণমূল কংগ্রেস কোনও সংরক্ষণ বিলের অপেক্ষা না করেই সংসদে সর্বোচ্চ সংখ্যক মহিলা প্রতিনিধি পাঠিয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই প্রমাণ করে দিয়েছেন যে নারীদের ক্ষমতায়নের জন্য কোনও বিলের মুখাপেক্ষী হতে হয় না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, “আপনি প্রচারে এসে মানুষকে বিভ্রান্ত করছেন, ধমকাচ্ছেন। কিন্তু বাংলার মানুষ এর জবাব ৪ মে ইভিএমে দিয়ে দেবেন।”
সাংসদ মহুয়া মৈত্র এদিন ডিলিমিটেশন এবং নারী সংরক্ষণ বিল নিয়ে বিজেপির কৌশলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার দাবি করেন। তিনি বলেন, “সংসদে হারের পর প্রধানমন্ত্রী এখন কান্নাকাটি করছেন এবং বিরোধী দলগুলিকে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন। কিন্তু আমরা স্পষ্ট করে দিতে চাই, নারী সংরক্ষণ বিলের সঙ্গে ডিলিমিটেশনের কোনও সম্পর্ক নেই। বিজেপি পিছনের দরজা দিয়ে এই বিল পাস করানোর চেষ্টা করেছিল, কিন্তু তৃণমূল-সহ বিরোধীদের বাধায় তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোটেনি।” মহুয়ার তোপ, যে বিল তিন বছর আগে পাস হয়েছে, তা কার্যকর করতে এতদিন কেন সময় লাগল? তাঁর অভিযোগ, বিজেপি নারীদের কথা ভাবছে বলে যে নাটক করছে, তার আড়ালে আসলে ভোটারদের বঞ্চিত করার ষড়যন্ত্র রয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলে দেগে দিয়ে মহুয়া স্পষ্ট জানান, বিজেপি থেকে কোনও উপদেশ শোনার প্রয়োজন তৃণমূলের নেই।
অন্যদিকে, তফশিলি জনজাতি ও জনজাতির প্রতিনিধিত্ব নিয়ে বিজেপিকে বিঁধছেন সাংসদ প্রতিমা মণ্ডল। নিজের উদাহরণ টেনে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার মতো এক তফশিলি পরিবারের মহিলাকে সংসদে পাঠিয়েছেন। লোকসভা হোক বা রাজ্যসভা— সব জায়গাতেই তফশিলি প্রতিনিধিদের অগ্রাধিকার দিয়েছে একমাত্র তৃণমূলই। এটা বিজেপির পক্ষে করা সম্ভব নয়।” প্রতিমা মণ্ডলের দাবি, তৃণমূল নেত্রীর সৌজন্যেই আজ বাংলার তফশিলি মহিলারা প্রশাসনিক ও সংসদীয় স্তরে কথা বলার সুযোগ পাচ্ছেন।
তৃণমূল নেতৃত্বের এই আক্রমণাত্মক অবস্থান বুঝিয়ে দিচ্ছে যে, ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে নারী সুরক্ষা ও সম্মানকে প্রধান অস্ত্র করতে চলেছে শাসকদল। বিশেষ করে সংসদে সংবিধান সংশোধনী বিল পাসে বিজেপির ব্যর্থতাকে জাতীয় স্তরে তৃণমূলের ‘জয়’ হিসেবে প্রচার করা হচ্ছে। বৈশাখের এই তপ্ত দুপুরে তৃণমূল ভবনের এই সাংবাদিক বৈঠক বঙ্গ রাজনীতির পারদকে আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে দিল। ৪ মে-র ফলাফলই বলে দেবে, দিল্লির এই বিল-বিতর্ক আর কলকাতার এই নারী-সম্মানের লড়াই ভোটারদের মনে ঠিক কতটা প্রভাব ফেলেছে। তবে আপাতত বিজেপির বিরুদ্ধে তৃণমূলের এই সম্মিলিত আক্রমণ বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন মেরুকরণ তৈরি করল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

