Khabor Ekhon
বেশি বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব’, বীরভূমে ফের স্বমহিমায় অনুব্রত
ভোটের আবহে ফের ‘গরম গরম’ মন্তব্যে বিতর্ক উসকে দিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে দলীয় প্রার্থী অপূর্ব চৌধুরীর সমর্থনে আয়োজিত জনসভা থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন তিনি। রাজ্যে আনা বাহিনীর বিশেষ সাঁজোয়া গাড়ি নিয়ে প্রশ্ন করা হলে মেজাজ হারিয়ে অনুব্রত হুঙ্কার দেন, “বেশি বাঁদরামি করলে সাঁজোয়া গাড়ি খেয়ে নেব।” নিজের এই লড়াকু মেজাজকে ব্যাখ্যা করতে গিয়ে অবলীলায় নিজেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ হিসেবেও দাবি করেন তিনি।
কাশেমনগর ফুটবল মাঠের এই সভা থেকে অনুব্রত দাবি করেন, বাংলাকে অপমান করার জন্যই বিজেপি ও কমিশন মিলে রাজ্যে এই ধরনের যুদ্ধকালীন যান নিয়ে এসেছে। তাঁর মতে, বাংলার মানুষকে ভয় দেখাতেই এই কৌশল নেওয়া হয়েছে। এদিন মঞ্চ থেকে তিনি বলেন, “বাংলা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা। এখানে সাঁজোয়া গাড়ি আসুক বা যাই আসুক, ভয় দেখিয়ে লাভ নেই। বেশি বাড়াবাড়ি বা বাঁদরামি করলে ওই সাঁজোয়া গাড়ি আস্ত খেয়ে ফেলব।” পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার বলতেই পারেন। টাইগার তো বাংলাতেই থাকে, এখান থেকেই তো সবাই নিয়ে যায়।”
উল্লেখ্য, এবারের নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু স্পর্শকাতর এলাকায় সাঁজোয়া গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও সম্প্রতি বাহিনীর জন্য এমন বিশেষ যানের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। ঠিক সেই প্রেক্ষাপটেই অনুব্রতের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিরোধীদের অভিযোগ, অনুব্রত মণ্ডল ফের পুরনো ঢঙেই কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
অনুব্রতের এই বিতর্কিত মন্তব্যের পর ইতিমধ্যেই কমিশনে অভিযোগ জানানোর তোড়জোড় শুরু করেছে বিরোধী শিবির। তবে বীরভূমের ‘কেষ্ট’ সেসবে কান দিতে নারাজ। তাঁর ‘গুড়-বাতাসা’ কিংবা ‘নকুলদানা’র মতো শব্দবন্ধনী আগে যেমন ঝড় তুলেছিল, এবারের ‘সাঁজোয়া গাড়ি খেয়ে নেওয়া’র হুঁশিয়ারিও যে ভোটের ময়দানে নতুন সমীকরণ তৈরি করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এখন দেখার, এই হুমকির প্রেক্ষিতে কমিশন বা বীরভূমের প্রশাসন কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করে কি না।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

