AB Live News
ভুল ট্রেন থেকে নেমে পড়াই ভালো’, বিচ্ছেদ নিয়ে নীরবতা ভাঙলেন হংসিকা
রূপসা দাস: জাঁকজমকপূর্ণ বিয়ে, রাজকীয় আয়োজন আর রুপোলি পর্দার রূপকথার মতো প্রেম— সবটাই যেন নিমেষে ফিকে হয়ে গেল। দক্ষিণী ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি এবং সোহেল খাতুরিয়ার বিচ্ছেদের খবরে গত কয়েকদিন ধরেই উত্তাল ছিল বিনোদন দুনিয়া। এতদিন গুঞ্জন থাকলেও বিষয়টি নিয়ে টু শব্দ করেননি অভিনেত্রী। অবশেষে বিবাহবিচ্ছেদের এক মাস পর মৌনতা ভাঙলেন ‘শাকা লাকা বুম বুম’ খ্যাত এই তারকা। সাফ জানালেন, জীবন নিয়ে তাঁর কোনও আক্ষেপ বা আফসোস নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের এই কঠিন অধ্যায় নিয়ে হংসিকা বলেন, “মানুষ মুখরোচক খবর আর ক্লিকবেট চেয়েছিল, তারা সেটা পেয়েছে। কিন্তু আমি কখনও কোনও বিষয়ে সাফাই দিইনি, আর দেবও না। কারণ এসব আমার কাছে এখন আর গুরুত্বপূর্ণ নয়।” বিচ্ছেদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে একটি চমৎকার রূপক ব্যবহার করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, “যদি আপনি ভুল ট্রেনে উঠে পড়েন এবং বুঝতে পারেন ট্রেনটি আপনাকে ভুল গন্তব্যে নিয়ে যাচ্ছে, তবে মাঝপথে নেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আমি ঠিক সেটাই করেছি।”
বিচ্ছেদের কারণ নিয়ে কেন এত গোপনীয়তা? হংসিকার মতে, স্বামী-স্ত্রীর মধ্যে কী কারণে দূরত্ব তৈরি হয়েছে, তা একান্তই তাঁদের ব্যক্তিগত বিষয় হওয়া উচিত। তিনি মনে করেন, সব কথা জনসমক্ষে আনার প্রয়োজন নেই। তবে এই কঠিন সময়ে নিজের পরিবারকে ঢাল হিসেবে পাশে পেয়েছেন তিনি। মা এবং ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী জানান, তাঁরাই তাঁকে মানসিকভাবে ভেঙে পড়তে দেননি। মন হালকা করতে বিচ্ছেদের পরই মা ও ভাইয়ের সঙ্গে জাপান ভ্রমণে গিয়েছিলেন তিনি।
২০২২ সালে জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে ধুমধাম করে সোহেলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন হংসিকা। তাঁদের সেই রাজকীয় বিয়ের ভিডিও ‘হংসিকা লাভ শাদি ড্রামা’ নামে একটি ওটিটি প্ল্যাটফর্মে ডকুমেন্টারি হিসেবেও প্রচারিত হয়েছিল। কিন্তু দু’বছর কাটতে না কাটতেই সেই সম্পর্কে ইতি পড়ল। ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গেলেও পেশাদার জীবনে কিন্তু অবিচল হংসিকা। গত বছর তাঁর ‘গার্ডিয়ান’ ছবিটি মুক্তি পেয়েছিল। আপাতত তিনি ব্যস্ত তাঁর আগামী তেলুগু ছবি ‘নশা’-র কাজ নিয়ে। পর্দার হংসিকা এখন বাস্তব জীবনেও নিজেকে নতুন করে খুঁজে পেতে মরিয়া।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

