Khabor Ekhon
ভোটার তালিকা নিয়ে ট্রাইবুনাল প্রস্তুত, আজ থেকেই শুনানি
শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখা হয়ে গিয়েছে। পরিকাঠামোর কাজও সম্পূর্ণ। সব ঠিক থাকলে আজ, সোমবার ১৩ এপ্রিল থেকেই জোকার ট্রাইবুনালে শুরু হচ্ছে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের শুনানি। রবিবার ডায়মন্ড হারবার রোডের জোকা সংলগ্ন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনের অস্থায়ী দফতরটি পরিদর্শন করেন অবসরপ্রাপ্ত বিচারপতিদের একটি দল। পরিকাঠামো খতিয়ে দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত এই বিশেষ আপিল ট্রাইবুনালে ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ মানুষ আবেদন করার সুযোগ পাবেন। এসআইআর সংক্রান্ত এই জটিল প্রক্রিয়ায় ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি কাজ করবেন। এই তালিকায় রয়েছেন কলকাতা হাই কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরও। ট্রাইবুনালের কাজের জন্য জোকার ওই প্রতিষ্ঠানে মোট ২১টি ঘর নির্দিষ্ট করা হয়েছে। প্রতিটি আবেদন খতিয়ে দেখার জন্য প্রত্যেক প্রাক্তন বিচারপতির সঙ্গে থাকবেন ৪ থেকে ৫ জন সহায়তাকারী কর্মী। মূলত কেন কোনও নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা কোনও ভুল নাম তালিকায় ঢুকেছে কি না—সেই সমস্ত নথি যাচাই করবেন তাঁরা।
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ট্রাইবুনালের রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ট্রাইবুনালের নির্দেশিকায় জানানো হয়েছে, আবেদনকারীদের সশরীরে হাজির হওয়া বাধ্যতামূলক নয়। ইসিআইনেট মোবাইল অ্যাপ, কমিশনের ওয়েবসাইট কিংবা সংশ্লিষ্ট জেলাশাসক ও মহকুমাশাসকের দফতরেও আবেদন জানানো যাবে। ভোটারদের নাম কেন ‘ডিলিট’ হয়েছে, তা যেমন ট্রাইবুনাল থেকে জানানো হবে, তেমনই বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করতে নির্দেশিকা জারি করেছেন হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি।
অন্যদিকে, আজ সোমবারই সুপ্রিম কোর্টে রাজ্যের এসআইআর মামলার বিশেষ শুনানি রয়েছে। ভোটার তালিকা ইতিমধ্যেই ‘ফ্রিজ’ হয়ে যাওয়ায় ট্রাইবুনালের রায়ে বৈধতা পাওয়া ভোটাররা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, সে বিষয়ে আজ সর্বোচ্চ আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। উল্লেখ্য, হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ইতিপূর্বেই বেশ কিছু বিচারাধীন প্রার্থীর তথ্য খতিয়ে দেখে নিস্পত্তি করেছেন। ফলে আজকের শুনানি ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক তৎপরতা তুঙ্গে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

