Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রাহুল ইস্যুতে ফের জরুরি তলব ফোরামের, নাম না করে দেবকে কড়া বার্তা প্রসেনজিতের?

0 980,081,242

রুচিরা রায়: টলিউডে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর জারি হওয়া ‘ব্যান’ বা নিষেধাজ্ঞা কেন্দ্র করে বিতর্ক থামার লক্ষণ নেই। বরং রবিবার ছুটির দিনেও সেই জল গড়াল বহুদূর। ১২ এপ্রিল, রবিবার বিকেলে রাহুল মুখোপাধ্যায় এবং বর্তমান টলিউডের ‘সুরক্ষাবিধি’ সংক্রান্ত জটিলতা কাটাতে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI) এবং সংশ্লিষ্ট পক্ষদের নিয়ে ফের একটি জরুরি সভার ডাক দেওয়া হয়েছিল। বৈঠক শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে এখন টলিপাড়ায় জোর গুঞ্জন।
এদিন দীর্ঘক্ষণ আলোচনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেতা তথা ফোরামের অন্যতম প্রধান মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, রাহুল মুখোপাধ্যায়ের ওপর টেকনিশিয়ান ফেডারেশনের জারি করা তিন মাসের নিষেধাজ্ঞা নিয়ে ফোরাম তাদের অবস্থান পুনরায় পর্যালোচনা করার কথা ভাবছে। প্রসেনজিৎ জানান, “আমাদের মূল লক্ষ্য ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ বজায় রাখা। কোনও নির্দিষ্ট ব্যক্তির জন্য যেন সামগ্রিক কাজ ব্যাহত না হয়, আমরা সেদিকেই নজর দিচ্ছি।”
তবে বৈঠকের আলোচনার চেয়েও বেশি নজর কেড়েছে প্রসেনজিতের একটি বিশেষ মন্তব্য। গত কয়েকদিনে রাহুলের সমর্থনে এবং ফেডারেশনের বিরুদ্ধে দেব যেভাবে সরাসরি সামাজিক মাধ্যমে নিজের মতামত প্রকাশ করেছেন, এদিন সম্ভবত সেই প্রসঙ্গেই প্রসেনজিৎ বলেন, “না জানিয়ে কারও উদ্দেশ্যে পোস্ট করা উচিত নয়।”
ইন্ডাস্ট্রির অন্দরের খবর, সরাসরি নাম না নিলেও এই বার্তার নিশানায় ছিলেন অভিনেতা-সাংসদ দেব। প্রসেনজিতের মতে, যে কোনও সমস্যার সমাধান চার দেওয়ালের মধ্যে আলোচনার মাধ্যমে হওয়া উচিত, হুটহাট পাবলিক প্ল্যাটফর্মে পোস্ট করে বিতর্ক উসকে দেওয়াটা কাম্য নয়। তিনি আরও যোগ করেন, “ইন্ডাস্ট্রিতে একটা ডিসিপ্লিন বা নিয়ম থাকা দরকার। সুরক্ষাবিধি সবার জন্যই সমান।”
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই টলিপাড়ায় অস্থিরতা তুঙ্গে। ফেডারেশনের নিয়ম ভেঙে অন্য ভাষার প্রজেক্টে কাজ করার অভিযোগে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই ঘটনার প্রতিবাদে সরব হন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় এবং দেবের মতো তারকারা। দেব সোশ্যাল মিডিয়ায় ফেডারেশনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন। এরপরই ফোরাম ও ফেডারেশনের এই জরুরি বৈঠক এবং প্রসেনজিতের এই ‘কড়া’ প্রতিক্রিয়া পরিস্থিতিকে নতুন মাত্রা দিল।
রাহুল মুখোপাধ্যায় কি শেষ পর্যন্ত তাঁর আসন্ন ছবির পরিচালনার দায়িত্ব ফিরে পাবেন? নাকি ‘সুরক্ষাবিধি’র দোহাই দিয়ে দীর্ঘায়িত হবে এই অচলাবস্থা? প্রসেনজিতের ইঙ্গিত অনুযায়ী, ফোরাম হয়তো কোনও মধ্যপন্থা বেছে নেবে, তবে একইসঙ্গে বুঝিয়ে দিল যে ইন্ডাস্ট্রির শৃঙ্খলা ভাঙলে রেয়াত করা হবে না কাউকেই।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper