AB Live News
ওসি-কে কড়া হুঁশিয়ারি তৃণমূল নেতার
নির্বাচনী আবহে উত্তপ্ত বাঁকুড়ার রাজনৈতিক ময়দান। এবার সরাসরি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কের শিরোনামে এলেন ইন্দাস ব্লকের তৃণমূল ব্লক সভাপতি শেখ হামিদ। সম্প্রতি ইন্দাসের কুশমুড়ি বাজারে আয়োজিত একটি পথসভায় প্রকাশ্যেই থানার ভারপ্রাপ্ত আধিকারিককে (ওসি) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই সভার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই (যার সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম) রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে জোরদার তরজা।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরে ওই এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। সেই প্রসঙ্গ টেনেই পুলিশের ভূমিকা নিয়ে সরব হন শেখ হামিদ। সভামঞ্চ থেকে তাঁকে বলতে শোনা যায়, “ওসি সাহেব, আপনি লোক দেখানো চারজনকে গ্রেফতার করে নিঃশব্দে ঘুমিয়ে আছেন।” এখানেই ক্ষান্ত হননি তিনি। নির্বাচন কমিশনের অধীনে থাকা পুলিশ প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি আরও বলেন, “ওসি-কে বলব, আপনি যদি মনে করেন নির্বাচন কমিশনের কথায় উঠবোস করবেন, তবে মনে রাখবেন এক মাস পরেই বাংলা আমাদের হাতে থাকবে। তখন আপনার পোস্টিং কোথায় হবে আর আপনি কোথায় থাকবেন, সেটা আপনাকে ঠিক করে নিতে হবে।” পুলিশকে তাঁর পরামর্শ, কমিশনের পক্ষপাতিত্ব না করে সংবিধান ও মানুষের পাশে দাঁড়াতে।
শাসক দলের নেতার মুখে এমন কথা শুনে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে জেলা প্রশাসন। বিরোধী শিবিরের দাবি, পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল নেতারা এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও প্রশাসনের ওপর চাপ সৃষ্টির রাজনীতি করছেন। বিজেপির জেলা নেতৃত্বের বক্তব্য, একজন ব্লক সভাপতি কীভাবে সরকারি আধিকারিককে এভাবে হুমকি দিতে পারেন, তা নিয়ে কমিশনের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে, তৃণমূল শিবিরের একাংশের দাবি, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় আবেগের বশে এমন মন্তব্য করে থাকতে পারেন ওই নেতা।
নির্বাচন ঘোষণা হওয়ার পর যখন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখছে কমিশন, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বাঁকুড়ার এই ঘটনা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে যেমন প্রশ্ন তুলেছে, তেমনই ভোটের আগে উত্তাপ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। শেষ পর্যন্ত এই মন্তব্য ঘিরে জল কতদূর গড়ায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

