Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

সঞ্জুর ব্যাটে দিল্লির দর্পচূর্ণ, প্রথম জয় চেন্নাইয়ের

0 817,923,691

ঘরের মাঠে অবশেষে শাপমুক্তি। টানা তিন ম্যাচে হারের কালো মেঘ সরিয়ে জয়ের সরণিতে ফিরল চেন্নাই সুপার কিংস। সৌজন্যে সঞ্জু স্যামসনের বিধ্বংসী মেজাজ। শনিবার চিপক স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ২৩ রানে হারিয়ে চলতি আইপিএলের প্রথম পয়েন্ট ঘরে তুলল হলুদ ব্রিগেড। একদিকে সঞ্জুর ব্যাট হাতে তান্ডব, অন্যদিকে জেমি ওভারটনের নিয়ন্ত্রিত বোলিং— এই দুইয়ের দাপটেই কার্যত খড়কুটোর মতো উড়ে গেল ঋষভ পন্থের দিল্লি।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ১৫ রানে বিদায় নিলে কিছুটা চাপে পড়েছিল দল। কিন্তু সেই চাপকে তুড়ি মেরে উড়িয়ে দেন সঞ্জু স্যামসন ও তরুণ আয়ুষ মাত্রে। দিল্লির বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা শুরু করেন সঞ্জু। মাত্র ৫২ বলে শতরান পূর্ণ করে তিনি বুঝিয়ে দেন কেন তিনি সাদা বলের ক্রিকেটে অন্যতম ভয়ঙ্কর ব্যাটার। চলতি আইপিএলে এটাই প্রথম সেঞ্চুরির নজির।
দ্বিতীয় উইকেটে সঞ্জু ও আয়ুষ মাত্রে যোগ করেন মূল্যবান ১১৩ রান। ইনিংসের কৌশলগত কারণে ৩৬ বলে ৫৯ রান করা মাত্রেকে ‘রিটায়ার্ড আউট’ করে সাজঘরে ফেরায় চেন্নাই ম্যানেজমেন্ট। এরপর শিবম দুবেকে সঙ্গী করে দলের স্কোর ২১ রান পর্যন্ত টেনে নিয়ে যান সঞ্জু। তিনি ৫৬ বলে ১১৫ রান করে অপরাজিত থাকেন।
২১৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে দিল্লি। ট্রিস্টান স্টাবস (৬০) এবং পথুম নিশঙ্কা (৪১) লড়াই করার চেষ্টা করলেও বাকিদের ব্যর্থতায় তা যথেষ্ট ছিল না। চেন্নাইয়ের হয়ে বল হাতে আগুন ঝরান জেমি ওভারটন। তিনি একাই তুলে নেন ৪টি উইকেট। যোগ্য সঙ্গত দিয়ে অংশুল কম্বোজ শিকার করেন ৩টি উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৮৯ রানেই গুটিয়ে যায় দিল্লির ইনিংস। ঘরের মাঠে দাপুটে এই জয় চেন্নাই শিবিরের আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper