Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিজেপির সঙ্গে ‘ডিল’, ক্ষোভে হুমায়ুনের দল ছাড়লেন সভাপতি

0 989,076,578

ভোটের মুখে বড়সড় ভাঙনের মুখে হুমায়ুন কবীরের নতুন দল ‘আমজনতা উন্নয়ন পার্টি’। তৃণমূলকে হারাতে বিজেপির সঙ্গে কোটি টাকার গোপন চুক্তির ভিডিও ভাইরাল হওয়ার জেরে তীব্র ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়লেন খোদ দলীয় প্রেসিডেন্ট খোবায়েব আমিন। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগপত্র পেশ করেন তিনি। তাঁর এই সিদ্ধান্ত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে হুমায়ুনের রাজনৈতিক অস্তিত্বকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিল।
এদিন সাংবাদিক বৈঠকে খোবায়েব আমিন সরাসরি অভিযোগ তোলেন, এই দলটি মূলত সংখ্যালঘুদের ভাবাবেগকে ব্যবহার করে ভোট কাটাকাটির রাজনীতি করার জন্যই তৈরি হয়েছে। তাঁর কথায়, “তিন মাসের মধ্যে একটি দল গড়ে ২০০ আসনে প্রার্থী দিয়ে কোটি টাকা বাজেট ঠিক করা কখনও জেতার লড়াই হতে পারে না। এখানে থাকা মানে স্রেফ ভোট কাটার অঙ্কে শামিল হওয়া। আমি সংখ্যালঘু মানুষকে এভাবে ব্যবহার করতে দিতে পারি না।” আমিনের এই বিস্ফোরক স্বীকারোক্তি রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
ভাইরাল ভিডিওটি নিয়ে খোবায়েব আমিনের দাবি অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, “ভিডিওটি যদি এআই (AI) দিয়ে তৈরিই হয়ে থাকে, তবে কেন তা সরকারিভাবে পরীক্ষা করানো হচ্ছে না? আসলে সব সত্যি সামনে এসে যাওয়ার ভয়েই এই লুকোচুরি।” তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই অভিযোগ তুলেছিল যে, হুমায়ুনের এই দল বিজেপির ‘বি-টিম’ হিসেবে কাজ করছে। এদিন খোবায়েব আমিন সরাসরি সেই অভিযোগকে সমর্থন জানিয়ে বলেন, “তৃণমূল যা বলছিল, তা আজ প্রমাণিত।”
সম্প্রতি ওই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিপাকে পড়েন ভরতপুরের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর। ভিডিওটিতে তাঁকে প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ এবং সংখ্যালঘু ভোট কেটে তৃণমূলকে পরাজিত করার রণকৌশল নিয়ে আলোচনা করতে শোনা যায়। যদিও হুমায়ুন কবীর প্রথম থেকেই একে ‘ডিপফেক’ ভিডিও বলে দাবি করে আসছেন। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। ইতিপূর্বেই জোটসঙ্গী আসাদউদ্দিন ওয়েইসির ‘মিম’ (AIMIM) তাঁর সঙ্গ ত্যাগ করেছে। এবার খোদ সভাপতির পদত্যাগে নির্বাচনের আগে আমজনতা উন্নয়ন পার্টি কার্যত দিশেহারা হয়ে পড়ল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ধরে রাখার যে লড়াই হুমায়ুন শুরু করেছিলেন, এই ডিল-কাণ্ডের পর তাতে ইতি পড়ল বলেই মনে করা হচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper