Khabor Ekhon
৯০ লক্ষ ভোটার বাদের তালিকায় ‘দেশদ্রোহী’ তকমা দিলীপের, ভোটের মুখে চরম বিতর্ক
লোকসভা নির্বাচনের আবহে এমনিতেই তপ্ত বঙ্গ রাজনীতি, তার ওপর নতুন করে ঘি ঢাললেন খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়া নিয়ে তোলপাড় রাজ্যের রাজনৈতিক মহল। আর সেই প্রসঙ্গেই বাদ পড়া ভোটারদের সরাসরি ‘দেশদ্রোহী’ ও ‘দেশবিরোধী’ বলে আক্রমণ শানালেন দিলীপ, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
বৃহস্পতিবার রাতে খড়্গপুরের তালিবাগিচা এলাকায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি দাবি করেন, নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নেওয়ায় রাজ্যের ভোটার তালিকায় থাকা সমস্ত ‘জল’ নিংড়ে বের করা সম্ভব হয়েছে। তাঁর কথায়, “ইতিমধ্যেই ৯০ লক্ষ ভুয়া নাম বাদ গিয়েছে। আরও ১০-১২-১৫ লক্ষ নাম বাদ যাবে। এই ভুয়া ভোটারদের সাহায্য নিয়েই এর আগে সিপিএম এবং এখন তৃণমূল বারবার ক্ষমতায় এসেছে।” এরপরই আক্রমণাত্মক মেজাজে তিনি বলেন, “এই দেশদ্রোহী ও দেশবিরোধীদের বিদায় দেওয়ার জন্যই সারা দেশে পরিবর্তনের ঢেউ উঠেছে। এবার সেই ঢেউ বাংলাতেও লাগবে।”
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের ঢালাওভাবে ‘দেশদ্রোহী’ তকমা দেওয়ায় স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় উঠেছে। উল্লেখ্য, বাদ পড়া তালিকার একটি বড় অংশই হিন্দু ভোটার বলে রাজনৈতিক মহলের দাবি। ফলে দিলীপের এই মন্তব্য দলের অভ্যন্তরেও অস্বস্তি বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। বিরোধীদের পাল্টা তোপ, নাম বাদ যাওয়ার নেপথ্যে প্রযুক্তিগত ত্রুটি বা অন্য কারণ থাকতে পারে, কিন্তু সরাসরি আমজনতাকে দেশদ্রোহী বলা দিলীপ ঘোষের রাজনৈতিক দেউলিয়াপনারই প্রমাণ।
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এমন ‘বেফাঁস’ মন্তব্য অবশ্য নতুন কিছু নয়। তাঁর ঠোঁটকাটা স্বভাব এবং লড়াকু মেজাজ যেমন কর্মীদের চাঙ্গা করে, তেমনই বারবার দলকে বিপাকে ফেলে। তবে ভোটের ঠিক মুখে খড়্গপুরের বিজেপি প্রার্থীর এই মন্তব্য সাধারণ ভোটারদের মনে কী প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

