AB Live News
ভোটের স্লিপে কড়াকড়ি কমিশনের, কাঠগড়ায় বিএলও
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে নিশ্ছিদ্র ও অবাধ করতে কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। এবার ভোটার ইনফরমেশন স্লিপ বিলি থেকে শুরু করে বুথের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা— প্রতিটি পদক্ষেপে স্বচ্ছতা আনতে জেলা প্রশাসন ও বুথ লেভেল অফিসারদের (BLO) জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কমিশনের স্পষ্ট বার্তা, ভোটার স্লিপ বিলিতে সামান্যতম অনিয়ম বা পক্ষপাতিত্ব ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার আর পাড়ার মোড়ে বা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে ‘বাল্ক’ বা থোক আকারে ভোটার স্লিপ বিলি করা যাবে না। বিএলও-দের প্রতিটি ভোটারের বাড়িতে সশরীরে উপস্থিত হতে হবে। স্লিপটি সরাসরি সংশ্লিষ্ট ভোটারের হাতে অথবা তাঁর পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যের হাতে তুলে দিতে হবে। ভোটের অন্তত পাঁচ দিন আগে এই বিলি প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক দলের হয়ে বা পক্ষপাতদুষ্ট আচরণ করে স্লিপ বিলির অভিযোগ উঠলে বিএলও-দের রেয়াত করা হবে না বলে জানানো হয়েছে।
ভোটের দিনের ব্যবস্থাপনা নিয়েও একগুচ্ছ কারিগরি নির্দেশিকা দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশে বলা হয়েছে, বুথের ভেতরে আলোর বিন্যাস এমনভাবে করতে হবে যাতে ভোটারদের কোনো অসুবিধা না হয়, অথচ ভোটের গোপনীয়তাও রক্ষিত থাকে। বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে ভিভিপ্যাট (VVPAT) যন্ত্র নিয়ে। ভোটকক্ষের জানলা বা অতিরিক্ত আলোর উৎস থেকে যাতে সরাসরি আলো ভিভিপ্যাটের ওপর না পড়ে, সেদিকে নজর রাখতে হবে। কারণ, তীব্র আলোয় অনেক সময় সেন্সর কাজ করে না বা যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
এছাড়া প্রতিটি বুথে ‘ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ’ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সেখানে ইংরেজি বর্ণানুক্রমিক তালিকা দেখে সাধারণ মানুষ যাতে মুহূর্তের মধ্যে নিজের সিরিয়াল নম্বর ও নাম খুঁজে পান, সেই দায়িত্বও বিএলও-দের ওপর ন্যস্ত করা হয়েছে। মূলত সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগকে সহজতর করতে এবং বুথ দখল বা ছাপ্পা ভোটের মতো অভিযোগ এড়াতেই কমিশন এবার আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

