Khabor Ekhon
রাজ্যে হুমায়ুনের সঙ্গে বিচ্ছেদ মিমের, একক লড়াইয়ের ডাক ওয়েইসির
পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড়সড় রদবদল। আসন্ন নির্বাচনের মুখে হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’র সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করল আসাদউদ্দিন ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)। শুক্রবার সকালে দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে মিম জানিয়ে দিয়েছে, এ রাজ্যে তারা আর কারও সঙ্গে জোট করবে না, বরং একক শক্তিতেই লড়াইয়ের ময়দানে নামবে।
বিচ্ছেদের মূলে রয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি বিতর্কিত ভিডিও। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয় (যার সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম)। সেখানে দাবি করা হয়েছে, মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের প্রতিশ্রুতিকে হাতিয়ার করে বিজেপির সঙ্গে প্রায় ১০০০ কোটি টাকার একটি রফাসূত্রে পৌঁছানোর চেষ্টা করেছিলেন হুমায়ুন কবীর। শুধু তাই নয়, রাজ্যে বিজেপি সরকার গড়লে উপ-মুখ্যমন্ত্রী হওয়ার মতো পদ নিয়েও দরকষাকষি করতে শোনা যায় তাকে। মুসলিম ভাবাবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই অস্বস্তিতে পড়ে মিম নেতৃত্ব।
শুক্রবার আসাদউদ্দিন ওয়েইসি নিজে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ জোট ভাঙার কথা নিশ্চিত করেছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসলমানদের মর্যাদা ও আবেগকে পণ্য করে কোনও ধরনের রাজনৈতিক আঁতাঁত মিম সমর্থন করে না। হুমায়ুন কবীরের কর্মকাণ্ডে যে তথ্যগুলি সামনে এসেছে, তা মুসলিম সমাজের রাজনৈতিক অবস্থানের জন্য অবমাননাকর। তাই বৃহত্তর স্বার্থে অবিলম্বে এই জোট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই মুর্শিদাবাদের নওদার ডুবতলা ময়দানে সভা করতে এসে হুমায়ুন কবীর ও তার দলের প্রার্থীদের জেতানোর ডাক দিয়েছিলেন ওয়েইসি। সেই বন্ধুত্বপূর্ণ অবস্থানে এখন যবনিকা পড়ল। মিমের দাবি, দীর্ঘ কয়েক দশকের তথাকথিত ধর্মনিরপেক্ষ শাসনে বাংলার প্রান্তিক মানুষের কোনও প্রকৃত উন্নয়ন হয়নি। তাই সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটি ‘স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর তারা। সেই লক্ষ্যেই আগামী দিনে পশ্চিমবঙ্গের বিধানসভা বা যে কোনও নির্বাচনে তারা এককভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে। এই সিদ্ধান্ত রাজ্যের ভোট সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

