Khabor Ekhon
ফের দিলীপের নিশানায় জুন, ‘ডান্স’ মন্তব্যে তুঙ্গে তরজা

সুমনা ঘড়ুই (খড়গপুর): ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই বঙ্গ রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আর সেই উত্তাপের আবহে ফের নিজের চেনা মেজাজে ধরা দিলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার তৃণমূল সাংসদ জুন মালিয়াকে লক্ষ্য করে তাঁর করা ‘ফুটফুটে ফর্সা’ এবং ‘ডান্স’ মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
মঙ্গলবার সন্ধ্যায় খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুর মাঠপুকুর এলাকায় একটি নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই মেদিনীপুরের বিদায়ী সাংসদ তথা বর্তমানে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার নাম না করে তীব্র কটাক্ষ করেন তিনি। দিলীপবাবু বলেন, “এখন আরও একজন ফুটফুটে, ফর্সা এমপি হয়েছে। ডান্স দেখিয়ে চলে গেছেন। স্ট্রিট ডান্স হয়েছে নমিনেশনের দিন। দু’জনে মিলে নেচেছেন। প্রাক্তন এমএলএ, বর্তমান এমপি। ডান্স দেখুন ফ্রিতে।”
উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তৃণমূলের মিছিলে নাচের একটি দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই প্রসঙ্গ টেনেই এদিন আক্রমণ শানান দিলীপ। একজন মহিলা জনপ্রতিনিধি সম্পর্কে এই ধরনের ব্যক্তিগত ও রূপ তুলে ধরে করা মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। বিরোধীদের দাবি, সৌজন্যের রাজনীতি ভুলে দিলীপ ঘোষ বারবার ব্যক্তিগত আক্রমণে নেমে আসছেন।
তবে এই আক্রমণের মুখেও বেশ সংযত ও চতুর প্রতিক্রিয়া দিয়েছেন জুন মালিয়া। দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে তিনি পালটা বলেন, “আমি এটা আশা করিনি। যদিও উনি অপমানসূচক কিছু বলেননি, ফুটফুটে ফর্সা বলেছেন। এর আগেও উনি বলেছেন জুন মালিয়াকে সুন্দর দেখতে। বুঝতে পারছি দিলীপদা আমাকে পছন্দ করেন।” এর পরেই রাজনৈতিক আক্রমণ শানিয়ে জুন বলেন, “নাচ করাতে তো কোনো সমস্যা নেই। হিমন্ত বিশ্ব শর্মার চেয়ে তো অনেক কম নেচেছি। দিলীপদার কাছে অনুরোধ, রাজনৈতিক লড়াই লড়তে হলে রাজনৈতিক ভাবে লড়ুন। এগুলো তো কোনো রাজনৈতিক কথা নয়।”
ভোটের লড়াইয়ে খড়গপুর-মেদিনীপুর চত্বরে দিলীপ ঘোষের এই মন্তব্য নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না, এখন সেটাই দেখার। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এই ‘বেলাগাম’ মন্তব্য বিজেপি-র জন্য অস্বস্তির কারণ হতে পারে, ঠিক যেমনটা আগেও একাধিকবার হয়েছে। তৃণমূল ইতিমধ্যেই এই ইস্যুটিকে নারী অবমাননার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে আসরে নেমে পড়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

