AB Live News
‘বেড খালি রাখা চলবে না’, চাপে পড়ে প্রথম দিনেই ইস্তফা তরুণী চিকিৎসকের
চিকিৎসার নামে স্রেফ ‘ব্যবসা’ চালানোর অভিযোগ। সুস্থ মানুষকেও জোর করে আইসিইউ-তে (ICU) আটকে রেখে বিল বাড়ানোর চাপের প্রতিবাদ। চাকরিজীবনের প্রথম দিনেই এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে ইস্তফা দিলেন এক তরুণী চিকিৎসক। তাঁর এই সাহসী পদক্ষেপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে চিকিৎসা মহলে।
ঋণশহরের এক নামী বেসরকারি হাসপাতালে মঙ্গলবারই প্রথম কাজে যোগ দিয়েছিলেন ওই চিকিৎসক। কিন্তু দিনের শেষে তিনি যখন হাসপাতাল থেকে বেরিয়ে আসেন, তাঁর হাতে ছিল ইস্তফাপত্র। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি একটি ভিডিও প্রকাশ করেন (যার সত্যতা যাচাই করেনি ‘খবর এখন’)। সেখানে তিনি দাবি করেন, হাসপাতালের ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাঁকে এমন কিছু নির্দেশ দেওয়া হয়েছে যা চিকিৎসা শাস্ত্রের নৈতিকতার পরিপন্থী।
ভিডিওটিতে ওই তরুণী চিকিৎসককে অত্যন্ত ক্ষুব্ধ ও হতাশ দেখিয়েছে। তাঁর মূল অভিযোগগুলি হল:
অপ্রয়োজনীয় ভর্তি: যে সমস্ত রোগীর হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজন নেই, তাঁদেরও মুনাফার স্বার্থে জোর করে ভর্তি করানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
আইসিইউ নিয়ে জালিয়াতি: সুস্থ বা সাধারণ বেডে রাখা সম্ভব এমন রোগীদেরও আইসিইউ-তে পাঠানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল যাতে হাসপাতালের বিল কয়েক গুণ বাড়িয়ে দেওয়া যায়।
মুনাফার লক্ষ্য: চিকিৎসার চেয়েও হাসপাতালের বেড ভর্তি রাখাকেই অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল ম্যানেজমেন্টের পক্ষ থেকে।
ভাইরাল ভিডিওতে তরুণী চিকিৎসক জানিয়েছেন,
“আমি ডাক্তার হয়েছি মানুষের সেবা করার জন্য, চোর হওয়ার জন্য নয়। প্রথম দিনেই আমাকে বলা হলো রোগীর প্রয়োজন থাক বা না থাক, ভর্তি নিতে হবে। আইসিইউ-তে দিন সংখ্যা বাড়াতে হবে। এটা অনৈতিক, তাই আমি পদত্যাগ করলাম।”
এই ঘটনা প্রকাশ্যে আসতেই নেটিজেনদের কুর্নিশ কুড়িয়েছেন ওই তরুণী। চিকিৎসক মহলের একাংশের দাবি, অনেক কর্পোরেট হাসপাতালেই চিকিৎসকদের ওপর ‘টার্গেট’ পূরণের চাপ থাকে, কিন্তু এভাবে প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস খুব কম জনই দেখান। আইএমএ (IMA) বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে এই ঘটনা আরও একবার স্বাস্থ্য পরিষেবার আড়ালে চলা অসাধু ব্যবসায়িক মানসিকতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। তরুণী চিকিৎসকের এই সিদ্ধান্ত কি স্বাস্থ্য ব্যবস্থায় কোনও বদল আনবে? প্রশ্নটা থেকেই যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

