Khabor Ekhon
প্রচারে বেরিয়ে মাথা ফাটল বিজেপি প্রার্থীর
পিয়ালী হালদার (ময়নাগুড়ি) : কথায় আছে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব ভোট। নির্বাচনের নির্ঘণ্ট বেজে উঠতে জনসংযোগে কোমর বেঁধে নেমে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। তারই মধ্যে দুর্ঘটনার শিকার ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায়। সোমবার বিকেলে নির্বাচনের প্রচার চলাকালীন তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
জানা গিয়েছে, ডালিম রায় সোমবার ময়নাগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন। সেই প্রচারকার্য চলাকালীন তিনি একটি দোকানে ঢুকতে যান। আর ঠিক তখনই ঘটে বিপত্তি। দোকানের ছাউনি টিনে তিনি মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গেই কপাল ফেটে শুরু হয় রক্তপাত। তৈরি হয় গভীর ক্ষত। মুহূর্তের মধ্যেই দলের কর্মী-সমর্থকরা তাঁকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থ রয়েছেন ডালিম রায়।
এই ঘটনায় বিজেপি কমিটির সদস্য চঞ্চল সরকার বলেন, আজকের প্রচারের শেষের দিকে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। ওষুধের দোকানে জনসংযোগ সারার সময় দোকানের টিনের আঘাতে মাথা ফেটে যায়। আপাতত কয়েকদিন বিশ্রাম থাকার নির্দেশ রয়েছে প্রার্থীর। সুতরাং প্রচারও অনির্দিষ্টকালের জন্যে স্থগিত। তবে ভোট যেখানে কড়া নাড়ছে সেইখানেই প্রচারকার্য বন্ধ নিয়ে কার্যত চিন্তায় পড়েছে গেরুয়া শিবির।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

