Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

শুভেন্দুর হাত ধরে বিজেপিতে ক্যানিংয়ের তৃণমূল নেতারা

0 439,821,111

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার মুখে দক্ষিণ ২৪ পরগনার শক্ত ঘাঁটিতে বড়সড় ভাঙন ধরাল বিজেপি। মঙ্গলবার সল্টলেকের দলীয় কার্যালয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে পদ্মশিবিরে যোগ দিলেন ক্যানিং ও গোসাবা এলাকার একঝাঁক প্রভাবশালী নেতা ও কর্মী। দলত্যাগীদের তালিকায় রয়েছেন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির একাধিক পদাধিকারী। সুন্দরবন এলাকায় শাসকদলের সংগঠনে এই ধস নির্বাচন শুরুর আগে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তবে এদিনের এই দলবদল অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর মুখে বারবার শোনা গিয়েছে ‘স্বচ্ছতা’র কথা। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার সময় তিনি তাঁদের ‘স্বচ্ছ তৃণমূল কর্মী’ বলে অবিহিত করেন। শুভেন্দুর এই বিশেষ তকমা দেওয়া নিয়ে রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে জোর চর্চা। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বালি ও কয়লা পাচারের অভিযোগে বিদ্ধ শাসকদলের একাংশ। এই পরিস্থিতিতে ঢালাও তৃণমূল কর্মীদের দলে নিলে বিজেপির নিচুতলার আদি কর্মীদের মধ্যে অসন্তোষ ও কোন্দল তৈরি হতে পারে। সেই আভ্যন্তরীণ ক্ষোভ প্রশমিত করতেই শুভেন্দু কৌশলে ‘স্বচ্ছ’ ভাবমূর্তির নেতাদের বাছার তত্ত্ব খাড়া করেছেন।
এদিন যোগদান মেলা শেষে বিরোধী দলনেতা দাবি করেন, তৃণমূলে থেকে যাঁরা উন্নয়নমূলক কাজের সুযোগ পাচ্ছিলেন না এবং দলের অন্দরে সৎ পথে থেকেও কোণঠাসা হয়ে পড়েছিলেন, তাঁরাই মূলত বিজেপিতে আসার জন্য যোগাযোগ করেছিলেন। শুভেন্দু বলেন, “যাঁরা কোনওরকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন, কেবল সেই সমস্ত স্বচ্ছ ভাবমূর্তির কর্মীদেরই আমরা স্বাগত জানাচ্ছি। সুকান্ত মজুমদার ও আমার সঙ্গে দীর্ঘদিন ধরেই এঁরা যোগাযোগ রাখছিলেন।” এদিনের যোগদানের ফলে সুন্দরবন সংলগ্ন এলাকায় তৃণমূল যে বড়সড় ধাক্কা খেল, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। গোসাবায় শাসকদলকে পর্যুদস্ত করাই যে এখন মূল লক্ষ্য, তা জানিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই সেখানে একটি বিশাল জনসভা করার ডাক দিয়েছেন শুভেন্দু।
অন্যদিকে, এদিনের কর্মসূচিতে বিরোধী দলনেতার মুখে দিলীপ ঘোষের নাম সেভাবে শোনা না যাওয়ায় দলের অন্দরের সমীকরণ নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। যদিও সম্প্রতি একে অপরের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শুভেন্দু ও দিলীপকে একসঙ্গে দেখা গিয়েছিল, কিন্তু মঙ্গলবার ক্যানিংয়ের দলবদলে দিলীপের সঙ্গে এই নেতাদের যোগাযোগের কোনও প্রসঙ্গই উত্থাপন করেননি শুভেন্দু। নির্বাচনী আবহ যখন তুঙ্গে, তখন দক্ষিণ ২৪ পরগনার এই ভাঙন ঘাসফুল শিবিরের জন্য কতটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার। তবে জেলা জুড়ে তৃণমূলের সাংগঠনিক ভাঙন রুখতে পাল্টা কী ব্যবস্থা নেয় শাসকদল, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper