AB Live News
রাহুলের মৃত্যুতে এফআইআর, প্রযোজকের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ
রুচিরা রায়: অভিনেতা রাহুল ওরফে অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু নিয়ে টলিপাড়ায় তোলপাড় চলছে। মৃত্যুর মাত্র পাঁচ দিনের মাথায় শনিবার কলকাতার রিজেন্ট পার্ক থানায় ‘জ়িরো’ এফআইআর দায়ের করল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম। প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার প্রাইভেট লিমিটেড’-এর কর্ণধার পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্যদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, গাফিলতি ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে।
২০২৬ সালের ২৯ মার্চ ওড়িশার বালাসোর জেলার তালসারি সমুদ্র সৈকতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিনা অনুমতিতে শুটিং চলছিল বলে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে। এই ঘটনায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার-সহ অনেকেই।
এফআইআরে ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২), ১০৬(১) এবং ২৪০ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগকারী শান্তিলাল মুখোপাধ্যায়, ফোরামের সাধারণ সম্পাদক বলেন, “পরিকল্পিতভাবে অবহেলাজনিত ও বিপজ্জনক পদ্ধতিতে শুটিং পরিচালনা করা হয়েছে, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। এর ফলেই অভিনেতার মৃত্যু ঘটেছে। ঘটনার পর মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে বলেও আমরা অভিযোগ করছি।”
এদিন আর্টিস্ট ফোরামের উদ্যোগে প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে ম্যাজিক মোমেন্টস প্রযোজনা সংস্থার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শিল্পীরা। পরে ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগানে একটি পদযাত্রাও অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, সৌরভ দাস, যিশু সেনগুপ্ত, ভরত কল, ঋত্বিক চক্রবর্তী, বাসবদত্তা চট্টোপাধ্যায়-সহ অনেকে।
ফোরামের সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, “এই মিছিলে কোনও রাজনীতিকরণ হচ্ছে না। আমরা রাহুলের মৃত্যু নিয়ে সন্দিহান। চাই নিরপেক্ষ তদন্ত এবং আসল কারণ সামনে আসুক।”
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রিয়াঙ্কা সরকারকে সঙ্গে নিয়ে তালসারিতে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে। ফোরামের অন্যান্য শিল্পীরাও সেখানে যেতে পারেন।
ঘটনাস্থল ওড়িশার তালসারি মেরিন থানার অধীন হওয়ায় রিজেন্ট পার্ক থানায় দায়ের করা এফআইআরটি সংশ্লিষ্ট থানায় স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
এদিকে, প্রযোজনা সংস্থার ইউনিটের বয়ানে অসংগতি ধরা পড়ায় গত ১ এপ্রিল আর্টিস্ট ফোরাম ম্যাজিক মোমেন্টসকে চিঠি দিয়েছিল। উত্তরে সন্তুষ্ট না হওয়ায় এফআইআর-এর সিদ্ধান্ত নেওয়া হয়।
রাহুলের মৃত্যু নিয়ে টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এখন প্রশ্ন উঠছে— আউটডোর শুটিংয়ে একজন অভিনেতার প্রাণ যাওয়ার দায় কার? শিল্পী মহলে দাবি উঠেছে, শুটিংয়ের সময় নিরাপত্তা ব্যবস্থা কতটা কঠোরভাবে মানা হয়, তা খতিয়ে দেখার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

