AB Live News
ভোটার তালিকায় নেই নাম, আতঙ্কে নিথর ৯৫ বছরের বৃদ্ধ
অমিতাভ নন্দী (সিউড়ি): ৯৫ বছর বয়সেও যাঁকে বার্ধক্য দমাতে পারেনি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার এক লহমার খবর কেড়ে নিল তাঁর প্রাণ। নিজের দেশেই ‘পরবাসী’ হওয়ার আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বীরভূমের দুবরাজপুর ব্লকের হাজরাপুর গ্রামের প্রবীণ বাসিন্দা আরমান আলির। শুক্রবার রাতের এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।
পরিবার সূত্রে খবর, আরমান সাহেবের নথিতে নামের আগে কোথাও ‘শেখ’ আবার কোথাও ‘মহম্মদ’ লেখা ছিল। তথ্যের এই সামান্য অসংগতির জেরেই এসআইআর (SIR) প্রক্রিয়ার শুনানিতে ডাক পড়ে তাঁর। সমস্ত বৈধ নথি জমা দিলেও চূড়ান্ত তালিকায় তাঁর নাম ‘বিচারাধীন’ রাখা হয়েছিল। সম্প্রতি প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় দেখা যায়, আরমান আলির নাম পাকাপাকিভাবে বাদ দেওয়া হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ ছেলে যখন বাড়ি ফিরে বাবাকে জানান যে তালিকায় তাঁর নাম নেই, তা শুনেই অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন মণ্ডল বলেন, “শুনানিতে ডাক পাওয়ার পর থেকেই আরমান সাহেব সারাক্ষণ একটাই প্রশ্ন করতেন— ‘আমাদের কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে? নিজের দেশে কি মরতেও পারব না?'”
গ্রামজুড়ে ‘পরবাসী’ হওয়ার আতঙ্ক
কেবল আরমান আলিই নন, হাজরাপুর গ্রামের ২৪৬ নম্বর বুথের অন্তত ২৪ জনের নাম ‘বিচারাধীন’ ছিল, যার মধ্যে ২০ জনের নামই বাদ পড়েছে। কয়েক প্রজন্ম ধরে এই দেশে বসবাস করেও ভোটাধিকার হারানোয় ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।
বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “কমিশনের তুঘলকিপনার বলি হতে হচ্ছে মানুষকে। এটি স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিত আতঙ্কের ফল।” বিজেপির জেলা সহ-সভাপতি দীপক দাসের বক্তব্য, “স্বাভাবিক মৃত্যুকে এসআইআর আতঙ্ক বলে চালানোর চেষ্টা করছে তৃণমূল। ভোটার তালিকা সংশোধন একটি আইনি প্রক্রিয়া, একে নিয়ে রাজনীতি করা অনুচিত।”রাজনৈতিক দড়ি টানাটানি চললেও, আরমান আলির মৃত্যু এক কঠিন প্রশ্ন তুলে দিয়ে গেল—জন্মলগ্ন থেকে এই দেশে বাস করার পরেও নিজের নাগরিকত্ব প্রমাণ করতে আর কত প্রাণ দিতে হবে?
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

