Khabor Ekhon
নির্বাচন কমিশন কোনও রাজনৈতিক দলের মুখাপেক্ষী হতে পারে না’, কড়া বার্তা বিচারপতি নাগরত্নার
রোশন শর্মা (নয়াদিল্লি): দেশজুড়ে ভোটার তালিকা সংশোধন এবং ভোট পরিচালনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যখন বিরোধীদের সমালোচনার ঝড় বইছে, ঠিক তখনই কমিশনের নিরপেক্ষতা নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না। শনিবার বিহারের পাটনায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাফ জানান, দেশের সাংবিধানিক কাঠামো রক্ষা করতে নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে অবশ্যই রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীন হয়ে কাজ করতে হবে।
ভোট পরিচালনা কোনও রুটিন কাজ নয়
শনিবার চাণক্য ল ইউনিভার্সিটিতে ডঃ রাজেন্দ্র প্রসাদ মেমোরিয়াল লেকচারে বিচারপতি নাগরত্না বলেন, “গণতন্ত্রে নির্বাচন কেবল একটি রুটিন প্রক্রিয়া নয়, এটি ক্ষমতার মসৃণ পরিবর্তনের একমাত্র পথ। এই প্রক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ থাকা মানেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মূল শর্তাবলিকে নিয়ন্ত্রণ করা।” তিনি মনে করিয়ে দেন, নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা যদি কোনও বিশেষ রাজনৈতিক দলের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে গোটা গণতান্ত্রিক প্রক্রিয়াটিই কলুষিত হয়।
টি এন শেষন মামলার প্রসঙ্গ
নিজের বক্তব্যে প্রাক্তন দুঁদে নির্বাচন কমিশনার টি এন শেষন বনাম ভারত সরকার মামলার প্রসঙ্গ উত্থাপন করেন বিচারপতি। তিনি বলেন, সাংবিধানিক রক্ষাকবচ হিসেবে প্রতিষ্ঠানগুলোর একে অপরের ওপর নজরদারি (Checks and Balances) চালানো প্রয়োজন। তাঁর মতে, কমিশনের স্বাধীনতা চাই। রাজনৈতিক চাপের ঊর্ধ্বে উঠে কমিশনকে কাজ করতে হবে।
প্রতিষ্ঠানের গুরুত্ব বজায় রাখতে হবে। নির্বাচন কমিশন ছাড়াও ক্যাগ (CAG) এবং অর্থ কমিশনের মতো সংস্থাগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তারা নিরপেক্ষ থাকতে পারে।
স্বাধীন প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়লে দেশের সাংবিধানিক শাসনই বিপন্ন হবে।
কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা—প্রতিটি ক্ষেত্রেই বিরোধীরা কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে। বিশেষ করে বীরভূমের মতো এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে যখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও মৃত্যুর মতো ঘটনা ঘটছে, তখন সর্বোচ্চ আদালতের বিচারপতির এই ‘নিরপেক্ষতার পাঠ’ যথেষ্ট গুরুত্ব বহন করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিচারপতি নাগরত্নার এই বার্তা কি কমিশনের কর্মপদ্ধতিতে কোনও পরিবর্তন আনবে? এখন সেটাই দেখার অপেক্ষা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

