Khabor Ekhon
দিল্লির জল্লাদ নয়, বাংলা চালাবে বাংলার মানুষই’, বীরভূমে হুঙ্কার অভিষেকের

“বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বিদেয় করবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার ভাগ্য নির্ধারণ করবে এই মাটির সন্তানরাই।” শনিবাসরীয় দুপুরে বীরভূমের তারাপীঠ সংলগ্ন কড়কড়িয়া মোড়ে দাঁড়িয়ে এভাবেই বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসন বিধানসভার প্রার্থী ফয়জুল হক ওরফে কাজল শেখের সমর্থনে আয়োজিত এই জনসভা থেকে বীরভূম জেলায় ‘১১-০’ ফলাফলের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি।
হাসনে ৫০ হাজারের লিড নিশ্চিত করার ডাক
এদিন হাসনের প্রার্থী কাজল শেখের ভূয়সী প্রশংসা করে অভিষেক বলেন, “কাজল শেখ নিজেই কেন্দ্রীয় বঞ্চনার শিকার। তাঁর নাম এসআইআর (SIR) তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ থাকা সত্ত্বেও জেলা পরিষদের সভাধিপতি হিসেবে তিনি বীরভূমে উন্নয়নের জোয়ার এনেছেন।” বিপরীতে বিজেপি প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, “জনবিচ্ছিন্ন এই প্রার্থীর কাজ শুধু হুমকি দেওয়া আর দাঙ্গা বাঁধানো।” ২০২১ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রায় ৫০ হাজার ভোটে জিতলেও লোকসভায় সেই ব্যবধান কমে ৩৮ হাজারে দাঁড়িয়েছিল। সেই খতিয়ান তুলে ধরে অভিষেক এদিন সাফ জানান, এবার হাসন থেকে অন্তত ৫০ হাজারের বেশি ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। তাঁর কথায়, “এবারের নির্বাচন কেবল ভোট নয়, এটি প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধের লড়াই।”
প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ
আগামী ৯ এপ্রিল বীরভূমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য সভার প্রেক্ষিতে অভিষেক সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “বাংলায় আপনাকে স্বাগত। কিন্তু ভোটের সময় পরিযায়ী পাখির মতো না এসে গত পাঁচ বছরে বীরভূমের উন্নয়নে কেন্দ্র কী করেছে, সেই রিপোর্ট কার্ড নিয়ে জনসভায় আসুন। ভোট শেষ হলেই আপনারা টাটা-বাই বাই করে চলে যান, মানুষের কথা মনে থাকে না।”
জ্বালানির জ্বালায় বিদ্ধ মোদী সরকার
তারাপীঠের মতো পর্যটন কেন্দ্রের সংকট তুলে ধরে অভিষেক বলেন, রান্নার গ্যাসের আকাশছোঁয়া দামের কারণে এখানকার হোটেল ব্যবসা ধুঁকছে। ৪০০-৫০০ টাকার গ্যাস ১০০০ টাকায় বিক্রি করে মোদী সরকার সাধারণ মানুষের পকেট কাটছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে কেন্দ্র সম্পূর্ণ ব্যর্থ বলে তিনি অভিযোগ করেন।
লক্ষ্য এবার ‘১১-০’
গত নির্বাচনে বীরভূমের শুধু দুবরাজপুর আসনে পরাজিত হয়েছিল তৃণমূল। তবে এবার সেই আক্ষেপ মিটিয়ে জেলার ১১টি আসনেই তৃণমূল জয়লাভ করবে বলে আত্মবিশ্বাসী অভিষেক। তাঁর দাবি, উন্নয়নের নিরিখে বীরভূমের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকেই শক্ত করবেন এবং বহিরাগত শক্তিকে যোগ্য জবাব দেবেন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

