Khabor Ekhon
মমতার গাজলে তোপ: ‘ধ্বংস করতে জানে, হিংসুটে লোক’
শনিবার মালদহ জেলায় তিনটি জনসভা করে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভা করেন মানিকচক বিধানসভা কেন্দ্রে, যেখানে তৃণমূল প্রার্থী কবিতা মণ্ডলের সমর্থনে ভাষণ দেন। এরপর মালতীপুরে আব্দুর রহিম বক্সী এবং রাতুয়ায় সমর মুখোপাধ্যায়ের সমর্থনে সভা করেন। দিনের তৃতীয় ও শেষ সভা হয় গাজলের সৃষ্টিশ্রী ময়দানে, প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে।
গাজলে সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে আসাদুদ্দিন ওয়েইসির নেতৃত্বাধীন এআইএমআইএম (মিম)-কে তীব্র নিশানা করেন। তিনি বলেন, “এসআইআরের সময় ঘোড়ার ডিমগুলো কোথায় ছিল? যখন মানুষের নাম কাটছিল এসআইআরে, তখন কোথায় ছিল হায়দরাবাদের এই নেতারা?” তাঁর দাবি, বিজেপির ‘প্ল্যান’ অনুযায়ী চলছে এসআইআর প্রক্রিয়া। মৃতদের প্রসঙ্গ টেনে মমতা বলেন, “এসআইআরে মৃতদের আত্মা শান্তি পাবে যদি তৃণমূলকে ভোট দেন।” তিনি আরও অভিযোগ করেন যে, গত বিধানসভা নির্বাচনে গাজলে তৃণমূলকে ১৭০০-র বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছিল বিজেপি।
অমিত শাহকে নাম না করে ‘মোটাভাই’ বলে কটাক্ষ করে মমতা বলেন, “ওয়াকফ নিয়ে কেউ কেউ ভুল বোঝাচ্ছে। আমরাই ফাইট করেছিলাম। এখন ওটা ইমামদের হাতে। আমরা বিজেপির হাতে ছাড়িনি। কিন্তু এই মোটাভাই পারে না এমন কাজ নেই। ও ধ্বংস করতে জানে। ভীষণ হিংসুটে লোক, ও পারে না এমন কাজ নেই। তবে যতই চেষ্টা করো, জিতবে না ভাই।”
মোদী সরকারের দ্বিচারিতার অভিযোগ তুলে মমতা বলেন, “মুসলমানরা যদি সত্যিই খারাপ হয়, তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন সৌদি আরবে যান, সেখানে গলা তো জড়ান! তখন মনে থাকে না ওটা হিন্দু না মুসলিম? আমরা সকলে দুবাই গিয়েছি। ওরা আমাদের সকলকে ভালবাসে। কিন্তু মোদীবাবু যখন ওখানে একপাতে খান, তখন আপনার জাত যায় না? একদিকে মুখ আর একদিকে মুখোশ!”
কংগ্রেসকে ‘তরমুজ-খোরমুজ’ বলে বিঁধে মমতা বলেন, “এখন তরমুজ-খোরমুজ আবার এক হয়ে গিয়েছে। কংগ্রেস! লজ্জা করে না? যখন এসআইআরের বিরুদ্ধে লড়েছিলাম, দিল্লি যেতে বলেছিলাম। যায়নি।” তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে বাম-বিজেপি এবং কংগ্রেস একজোট হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। নির্বাচন কমিশনকেও তিনি নিশানা করেন এবং বলেন, অন্য রাজ্যে অফিসার বদল হয়, কিন্তু বাংলায় সংখ্যাটা দেখুন।
শেষ ভোট পড়া পর্যন্ত বুথ পাহারা দেওয়ার বার্তা দিয়ে মমতা বলেন, “লাস্ট ভোট না পড়া পর্যন্ত বুথে পাহারা দেবেন। জিতব আমরাই। তৃণমূল না থাকলে বাংলায় শান্তি থাকবে না। মাছ থাকবে না। মাংস থাকবে না। বাংলা থেকে ওদের বিদায় দিয়ে দিল্লি যাব।” অনুপ্রবেশ ও সীমান্ত ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তিনি বলেন, “আমি শুনেছি, বাইরের রাজ্য থেকে বাসে-ট্রেনে করে লোক ঢোকানো হচ্ছে। নাকা চেকিং কী হচ্ছে জানি না। বিজেপি করলে ছেড়েও দিচ্ছে।”
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আশ্বাস দিয়ে মমতা বলেন, “লক্ষ্মীর ভান্ডার সারাজীবন থাকবে। তাই তৃণমূল সরকার দরকার। যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে যাঁদের দেরি হচ্ছে, তাঁরাও পাবেন। তাঁদের কাজের ব্যবস্থাও আমরা করব।”সভায় মমতা আবেদন জানান, “লোকসভাটা বিজেপিকে দিয়েছেন। কংগ্রেসকে দিয়েছেন। বিধানসভাটা আমাদের দিন।”গাজল সভায় মমতার এই আক্রমণাত্মক ভাষণে বিজেপি, মিম ও কংগ্রেসকে একযোগে নিশানা করে তিনি তৃণমূলের পক্ষে ভোট প্রার্থনা করেন। মালদহে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

