Khabor Ekhon
গোপনে সাতপাক ঘুরলেন কর্ণ-তেজস্বী?
রূপসা দাস: প্রাক্তন প্রেমিকা কৃতিকা কামরা বিয়ের পিঁড়িতে বসতে না বসতেই কি তবে ‘ঘর বাঁধলেন’ কর্ণ কুন্দ্রও? বুধবার সকাল থেকেই মায়ানগরীর বাতাসে ভাসছে এই জোরালো গুঞ্জন। টিনসেল টাউনের অন্দরের খবর, দীর্ঘদিনের প্রেমিকা তেজস্বী প্রকাশের সঙ্গে নাকি চুপিচুপি আইনি বা সামাজিক বিয়েটা সেরে ফেলেছেন ছোটপর্দার এই হার্টথ্রব অভিনেতা।
সমাজমাধ্যমে শুভেচ্ছার বন্যা
যদিও কর্ণ বা তেজস্বী— দু’জনের কেউই এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি। কিন্তু তাতে থেমে নেই অনুরাগীরা। বুধবার সকাল থেকেই এই জুটির পুরনো ছবি ও ভিডিওর নিচে উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। জনৈক অনুরাগী লিখেছেন, “জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য অভিনন্দন।” অন্য একজন আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্যে লিখেছেন, “জীবনের বিশেষ মুহূর্তগুলো তখনই প্রকাশ্যে আনা উচিত, যখন আর কারও ক্ষতি করার ক্ষমতা থাকবে না।” এই মন্তব্যগুলো ঘিরেই সন্দেহ আরও দানা বেঁধেছে।
কৃতিকার বিয়ে ও পুরনো স্মৃতি
কর্ণ কুন্দ্র ও কৃতিকা কামরার একসময়ের প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। যদিও তাঁরা বরাবরই নিজেদের ‘ভালো বন্ধু’ বলে দাবি করে এসেছেন। সম্প্রতি কৃতিকা পেশায় ব্যবসায়ী গৌরব কপূরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। আর কৃতিকার এই বিয়ের খবর থিতু হতে না হতেই কর্ণের বিয়ের জল্পনা শুরু হওয়াকে নিছক কাকতালীয় বলে মানতে নারাজ নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, সম্ভবত প্রাক্তন প্রেমিকার বিয়ের পরেই ব্যক্তিগত জীবনকে গুছিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কর্ণ।
নিশ্চুপ কর্ণ-তেজস্বী
বিগ বস ১৫-এর ঘর থেকে শুরু হওয়া ‘তেজ-রণ’ (TejRan) জুটির এই রসায়ন বরাবরই চর্চায়। ডিনার ডেট থেকে শুরু করে ছুটি কাটাতে যাওয়া— সবসময়ই তাঁরা ফ্রেমবন্দি হন। তবে বিয়ের এই চূড়ান্ত জল্পনা নিয়ে এখনও পর্যন্ত ‘স্পিকটি নট’ মোডে রয়েছেন দু’জনেই। তাঁদের এই নীরবতা কি আসলে বড় কোনো সারপ্রাইজের পূর্বাভাস? উত্তরের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

