Khabor Ekhon
নোরার ‘সরকে চুনর’ বিতর্কে মুখ খুললেন পরিচালক প্রেম
রূপসা দাস : বলিউডের আইটেম গানের জগতে ফের একবার তুমুল বিতর্ক। সঞ্জয় দত্ত অভিনীত আসন্ন কন্নড় প্যান-ইন্ডিয়া ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর গান ‘সরকে চুনর তেরি সরকে’-তে নোরা ফাতেহির নাচ ও গানের কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অনেকেই গানটিকে অশালীন, যৌন ইঙ্গিতপূর্ণ ও কুরুচিকর বলে সমালোচনা করেছেন। কেউ কেউ দাবি করছেন, পরিচালক ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করতে এমন গান বানিয়েছেন। এবার এই অভিযোগের জবাব দিয়েছেন ছবির পরিচালক প্রেম।
গানটি মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। লিরিক্সে ব্যবহৃত কিছু শব্দ ও নোরার অঙ্গভঙ্গিকে ‘যৌনতামূলক’ বলে আখ্যায়িত করা হয়। বিষয়টি সংসদেও উঠে আসে, জাতীয় নারী কমিশন নোরা, সঞ্জয় দত্তসহ নির্মাতাদের সমন জারি করে। আলিগড়ে নোরার বিরুদ্ধে ফতোয়াও জারি হয়। পরে গানটি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয় এবং কেন্দ্রীয় সরকারও এতে আপত্তি জানায়। নোরা ফাতেহি আগেই মুখ খুলে জানিয়েছিলেন, তিনি প্রায় তিন বছর আগে কন্নড় ভার্সনে গানটি শ্যুট করেছিলেন। হিন্দি ভার্সনের লিরিক্স ও ডাবিংয়ের বিষয়ে তাঁর কোনো অনুমতি নেওয়া হয়নি। তিনি পরিচালককে আগেই সতর্ক করেছিলেন যে এতে বড় ধরনের সমালোচনা হবে, কিন্তু তাঁর কথা গুরুত্ব পায়নি। নোরা বলেন, “যা হয়েছে তা আমি জানতাম না। আমি শুধু মূল কন্নড় ভার্সনের জন্য সম্মতি দিয়েছিলাম।” এবার পরিচালক প্রেম সরাসরি অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, গানটি কোনোভাবেই ইচ্ছাকৃত বিতর্ক তৈরির জন্য বানানো হয়নি। মূল কন্নড় লিরিক্স তাঁরই লেখা। হিন্দি অনুবাদ করেছেন গীতিকার রাকিব আলম। প্রেম বলেন, “কেন আমি বিতর্ক চাইব? ছবির অনেক বড় ইস্যু আছে—যুদ্ধ, এলপিজি সংকটের মতো। এই গান নিয়ে এতটা তোলপাড় হবে তা ভাবিনি। লিরিক্স ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।” তিনি দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, গানের আরও মার্জিত সংস্করণ তৈরি করা হবে।
প্রেমের স্ত্রী ও প্রাক্তন অভিনেত্রী রক্ষিতা এই বিতর্ককে ‘নির্বাচিত ক্ষোভ’ বলে মন্তব্য করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, “চোলি কে পিছে” গান যখন বেরিয়েছিল তখন তো কেউ এতটা আপত্তি করেনি। কেন শুধু এই গান নিয়ে এমন হইচই?”
গীতিকার রাকিব আলমও স্পষ্ট করে বলেছেন, তিনি শুধু অনুবাদ করেছেন। মূল লিরিক্স প্রেমের। প্রথমে তিনি এমন গান লিখতে অস্বীকার করেছিলেন, কারণ সেন্সর ও দর্শকের প্রতিক্রিয়ার আশঙ্কা ছিল।
‘কেডি: দ্য ডেভিল’ ছবিটি ৩০ এপ্রিল মুক্তির কথা রয়েছে। বিতর্কের মাঝেও ছবির প্রচার চলছে। এই ঘটনা আবারও বলিউড ও দক্ষিণী সিনেমায় গানের লিরিক্স, নাচের উপস্থাপনা ও সৃজনশীল স্বাধীনতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। দর্শকদের একাংশ বলছেন, এ ধরনের গান নারীর মর্যাদা ক্ষুণ্ণ করে, অন্যরা মনে করেন এটি শুধুমাত্র বিনোদন।
বিতর্ক থামুক বা না থামুক, ‘সরকে চুনর’ এখন বলিউডের সাম্প্রতিকতম ‘ভাইরাল’ বিতর্কের নাম হয়ে উঠেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

