Khabor Ekhon
ভোটের মুখে সাইবার হানা, হ্যাকড নির্বাচন কমিশনের ওয়েবসাইট!

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার মাঝেই বড়সড় বিপত্তি। হ্যাকড হল নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। বুধবার দুপুর থেকে কমিশনের সাইটে চরম বিভ্রাট দেখা দেওয়ায় কার্যত থমকে গিয়েছে নির্বাচনের একাধিক গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই ঘটনায় দেশের নির্বাচনী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।
এদিন দুপুর ১টা নাগাদ আচমকাই কমিশনের ওয়েবসাইট অচল হয়ে পড়ে। জানা গিয়েছে, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া বা প্রচারের অনুমতির জন্য ব্যবহৃত ‘সুবিধা’ (Suvida) পোর্টালটিও কাজ করছে না। ফলে ভোট আবহে চরম সমস্যায় পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। স্ক্রিনে বারবার ‘বিভ্রাট’ বা ‘এরর’ মেসেজ আসায় আতঙ্ক ছড়ায় কমিশনের অন্দরে।
এই যান্ত্রিক ত্রুটি বা হ্যাকিং-এর আঁচ পড়েছে রাজনীতিকদের ব্যক্তিগত ফোনেও। সূত্রের খবর, একাধিক হেভিওয়েট বিরোধী নেতার ফোনও সঠিকভাবে কাজ করছে না বলে অভিযোগ উঠেছে। তৃণমূল বিধায়ক মদন মিত্রের মতো নেতারাও এই পরিস্থিতির দিকে ইঙ্গিত করে সরকারের দিকে আঙুল তুলেছেন। তাঁদের দাবি, নির্বাচনের আগে বিরোধী নেতাদের কণ্ঠরোধ বা তাঁদের গতিবিধির ওপর নজরদারি চালাতেই এই ধরনের সাইবার বিভ্রাট ঘটানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখা দরকার।
নির্বাচন কমিশনের আইটি সেল তড়িঘড়ি সাইটটি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক তদন্তে হ্যাকিং-এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভোট প্রক্রিয়ায় প্রভাব ফেলতেই কি কোনও বিদেশি চক্র বা পেশাদার হ্যাকার গোষ্ঠী এই কাজ করেছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সাইবার সেল। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ভোটের ঠিক আগে এমন স্পর্শকাতর একটি ওয়েবসাইটের নিরাপত্তা ভেঙে পড়ায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে সমস্ত রাজনৈতিক দল। ভোটার তালিকা সংশোধন বা বুথ ভিত্তিক তথ্যের মতো গোপনীয় নথি সুরক্ষিত আছে কি না, এখন সেটাই সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

