Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

হাইভোল্টেজ ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল, কাঠগড়ায় কমিশন, সরব তৃণমূল

0 89,706,612

ছাব্বিশের বিধানসভা যুদ্ধের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদল নিয়ে সংঘাত চরমে। এবার খাস কলকাতার হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। নবনিযুক্ত অফিসার সুরজিৎ রায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘ঘনিষ্ঠ’ বলে দাবি করে কমিশনে নালিশ জানিয়েছে ঘাসফুল শিবির।

রাজ্যে ২৩ ও ২৯ এপ্রিল— দুই দফায় ভোটগ্রহণের কথা ঘোষণা করেছে কমিশন। আর সেই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল। ভোট ঘোষণার রাতেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দিয়েছিল কমিশন। এবার একসঙ্গে রাজ্যের ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে নতুন মুখ আনা হয়েছে। অপসারিতদের তালিকায় সিংহভাগই ছিলেন মহকুমা শাসক পদমর্যাদার অফিসার।

তৃণমূলের অভিযোগের তির মূলত ভবানীপুর কেন্দ্রের নতুন রিটার্নিং অফিসার সুরজিৎ রায়ের দিকে। এই কেন্দ্রটি রাজ্যের রাজনৈতিক মানচিত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকতালীয়ভাবে, এবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারীর নির্দেশেই এই বিশেষ নিয়োগ করা হয়েছে যাতে নির্বাচনের সময় বাড়তি সুবিধা পাওয়া যায়।

তৃণমূলের পক্ষ থেকে কমিশনে জমা দেওয়া অভিযোগে জানানো হয়েছে, সুরজিৎ রায় এবং শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের সখ্য রয়েছে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রিটার্নিং অফিসারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ— মনোনয়ন গ্রহণ থেকে শুরু করে স্ক্রুটিনি এবং গণনার প্রাথমিক দায়িত্ব থাকে তাঁর ওপর। ফলে এমন একজন ‘বিতর্কিত’ অফিসারকে মমতার কেন্দ্রে নিয়োগ করা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল।

কমিশন সূত্রে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থেই এই রদবদল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২৯৪টি আসনের মধ্যে বেছে বেছে ৭৩ জন এবং বিশেষ করে ভবানীপুরের মতো ভিভিআইপি কেন্দ্রে অফিসার বদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজ্য প্রশাসনের শীর্ষ পদ থেকে নিচুতলা পর্যন্ত এই বদলি কি বিজেপির সুবিধা করে দেওয়ার কৌশল? এই প্রশ্নেই এখন তপ্ত বাংলার রাজনীতি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper