Khabor Ekhon
আজ যুবভারতীতে মিনি ডার্বি
মুম্বই সিটি এফসির বিপক্ষে মোহনবাগানের হারের পর লিগ টেবিলে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এবার সেই সুযোগটাই কাজে লাগাতে মরিয়া ইস্টবেঙ্গল। বর্তমানে সবুজ-মেরুন শিবিরের থেকে এক ম্যাচ কম খেলে পাঁচ পয়েন্টে পিছিয়ে রয়েছে লাল-হলুদ শিবির। ফলে সোমবার যুবভারতীতে বিদেশিহীন মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে জয় পেলে ব্যবধান কমে দাঁড়াবে মাত্র দু’পয়েন্টে।
মিনি ডার্বিতে শুধু তিন পয়েন্টের লড়াই নয়, বরং আন্তর্জাতিক বিরতির আগে লিগের প্রথম পাঁচে ঢুকে পড়তে চাইছে অস্কার ব্রুজো। আপাতত আট পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে রয়েছে তাঁরা। কিন্তু গত তিন ম্যাচে দু’টি ড্র ও একটি হার। ফলাফলে সাত পয়েন্ট নষ্ট হয়েছে এবং দলকে চাপের মুখে ফেলেছে। প্রথম দু’ম্যাচ জিতে আশার আলো দেখিয়েছিল মশাল ব্রিগেড। তবে শেষ তিন ম্যাচে ধাক্কা খেয়েছে৷
এহেন পরিস্থিতিতে কোচ অস্কার চাপ অনুভব করছেন বলেই মনে করা হচ্ছে। কেরালা ম্যাচে তিন পয়েন্ট নষ্টের পর সমর্থকদের একাংশ তাঁর পদত্যাগ দাবি করেছেন। তবে ক্লাবের লগ্নিকারী সংস্থা এখনও তাঁর উপর আস্থা রেখেছে। ফুটবলারদের সঙ্গে বৈঠক করে দলকে ঐক্যবদ্ধ থাকার বার্তাও দেওয়া হয়েছে। এমন অবস্থায় দলের লক্ষ্য একটাই, জয়ের সারণিতে ফেরা।
জয়ের লক্ষ্যে কৌশলেও বদলের ইঙ্গিত দিয়েছেন ব্রুজো। এতদিন এক স্ট্রাইকারের ফরমেশন ব্যবহার করলেও সোমবার তিনি দ্বৈত আক্রমণে ঝুঁকতে পারেন। ইউসেফ এজেজারির সঙ্গে আক্রমণে দেখা যেতে পারে ডেভিড লালহ্লানসাঙ্গাকে। ফলে বেঞ্চে বসতে হতে পারে এডমুন্ড লালরিনডিকাকে।
ইতিমধ্যে রক্ষণ ও মিডফিল্ডেও কিছু পরিবর্তনের আভাস মিলছে। লেফট-ব্যাকে খেলানো হতে পারে পিভি বিষ্ণুকে। আর মিগুয়েল ফিগুয়েরাকে উইংয়ে তুলে দেওয়া হতে পারে। ডান দিকে ব্যবহার করা হতে পারে বিপিন সিংকে। খেলোয়াড়দের অবস্থান ও দায়িত্বে এই পরিবর্তন এনে প্রতিপক্ষকে চাপে ফেলার পরিকল্পনা করছেন স্প্যানিশ কোচ।
অন্যদিকে, মহামেডানের জন্য এই ম্যাচে হারানোর কিছু নেই। তুলনামূলকভাবে কম বাজেটের দল হলেও তরুণ ফুটবলারদের নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। তবে এই ম্যাচে তাঁকে কিছুটা সমস্যায় ফেলেছে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট। হীরা মণ্ডল এবং ইসরাফিল দেওয়ান। যদিও পরিসংখ্যান বলছে, ব্ল্যাক প্যান্থার্সদের বিরুদ্ধে প্রায় সব দল গোলের দেখা পেয়েছে। তবুও প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ ব্রুজো। তিনি বলেন, ‘কেরালা ব্লাস্টার্সও শূন্য পয়েন্ট নিয়ে এসেছিল। মহামেডানের ভারতীয় ফুটবলাররা যথেষ্ট প্রতিভাবান। হীরা, মহীতোষ, অমরজিৎ, ইসরাফিল যথেষ্ট ভালো ফুটবলার৷ অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতিকর হতে পারে, তাই আমাদের সতর্ক থাকতে হবে।’
দলের ফিটনেস পরিস্থিতিও মোটামুটি ভালো। কেভিন সিবিলে এবং রামসাঙ্গা ছাড়া বাকি সবাই ম্যাচের জন্য প্রস্তুত। তবে কেরালা ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে সহজ জয় হাতছাড়া হওয়াটা এখনো কাঁটা হয়ে রয়েছে ক্লডিয়াস সরণির ক্লাবের সামনে। সেই প্রসঙ্গে অস্কার বলেন, ‘মনসংযোগের অভাবই ছিল মূল কারণ। ওই ম্যাচের পরে ফুটবলারদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি। আশা করি ফুটবলাররা অবস্থাটা বুঝতে পেরেছে। এবার রমজানের পর আমরা আবার পুরনো সময় অর্থাৎ সন্ধ্যায় খেলতে চলেছি। আমাদের কাছে সুযোগ রয়েছে অন্যান্য দলগুলির সঙ্গে ব্যবধান কমানোর।’
সমর্থকদের প্রতিক্রিয়া নিয়েও সচেতন কোচ। তিনি বলেন, ‘ইস্টবেঙ্গল সমর্থকরা দেশের সেরা। তাঁরা দলকে শীর্ষে দেখতে চায়। আমরা যদি ভালো না খেলি, তাদের ক্ষোভ প্রকাশ স্বাভাবিক। তবুও সবসময় দলের সাথে একজোট হয়ে আছে। আমাদের এমন পারফরম্যান্স উপহার দিতে হবে, যা দেখে তাঁরা গর্বিত হতে পারে।’
রবিবার অস্কারের সঙ্গে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে গোলকিপার প্রভসুখান গিল বলেন, ‘এই মরসুমে আমাদের দল যথেষ্ট সক্রিয়তা দেখাচ্ছে। আইএফএ শিল্ডের পাশাপাশি সুপার কাপ হোক কিংবা আইএসএল, কম সংখ্যক গোল হজম করেছি। তবে শুধুমাত্র আমরা একাই পয়েন্ট নষ্ট করিনি, টুর্নামেন্টের একাধিক দলেরও এই পরিস্থিতি এসেছে।’
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

