Khabor Ekhon
আজই ঘোষণা হচ্ছে পাঁচ রাজ্যের ভোট-নির্ঘণ্ট: দফায় কাটছাঁট না কি লম্বা লড়াই, নজর এখন দিল্লির দিকে

২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হয়েছিল দীর্ঘ আট দফায়, যার প্রথম পর্ব শুরু হয়েছিল ২৭ মার্চ। কিন্তু ২০২৬-এ কি সেই একই পুনরাবৃত্তি ঘটবে? আজ রবিবার বিকেলেই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ-সহ দেশের পাঁচটি রাজ্যের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে। আর তা ঘিরেই এখন তুঙ্গে রাজনৈতিক জল্পনা। বিশেষ করে বাংলায় এবার কত দফায় ভোট হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা সমীকরণ উঠে আসছে। বিজেপি-সহ বিরোধী দলগুলি এবার দাবি জানিয়েছে মাত্র এক থেকে দু’দফায় ভোট সারার। সম্প্রতি কলকাতায় কমিশনের ফুল বেঞ্চও ইঙ্গিত দিয়ে গিয়েছে যে, রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের একটি বড় অংশ মনে করছেন, বিগত বছরগুলোর তুলনায় এবার ভোটের দফা কম হতে পারে। তবে দু’টি দফার মধ্যে সময়ের ব্যবধান বা ‘গ্যাপ’ থাকার সম্ভাবনা প্রবল। এর পিছনে কমিশনের মূল ভাবনা হলো, পরবর্তী দফার আগে মধ্যবর্তী সময়ে যাতে আধাসামরিক বাহিনী সংশ্লিষ্ট এলাকায় পূর্ণ আধিপত্য বা ‘ডোমিনেশন’ তৈরি করতে পারে। দীর্ঘ সময় ধরে ভোট চললে বাহিনীর জওয়ান ও পুলিশ প্রশাসনের মধ্যে এক ধরনের শারীরিক ও মানসিক শিথিলতা দেখা দেয়, যা এবার এড়াতে চাইছে কমিশন। বিরোধীদের অভিযোগ, বেশি দফায় ভোট হলে শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরা এক দফা থেকে অন্য দফায় ঘুরে ভয় দেখানোর সুযোগ পায়। অল্প দফায় ভোট হলে সেই সুযোগ কমবে।
কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে গত কয়েক বছরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, ফলে কম দফায় বিপুল বাহিনী মোতায়েন করা এখন অনেক সহজ। গত বছর ২রা মার্চ প্রথম দফার বিজ্ঞপ্তি জারি হয়েছিল। নিয়ম অনুযায়ী, দফাভিত্তিক বিজ্ঞপ্তি জারির দিন থেকে অন্তত ২৫ দিন পর ভোটগ্রহণ শুরু হয়। আজ বিকেলের সাংবাদিক বৈঠকের পরেই পরিষ্কার হয়ে যাবে বাংলার ভোট উৎসব ঠিক কোন দিন থেকে শুরু হচ্ছে এবং কটি পর্যায়ে চলবে গণতন্ত্রের এই মহাপর্ব।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

