AB Live News
ব্রিগেডে খুদে ‘রাম’, ভাষণ থামিয়ে শিশুর আবদার মেটালেন মোদী
ব্রিগেডের তপ্ত রাজনৈতিক আবহাওয়ার মাঝেও এক লহমায় বসন্তের বাতাস বয়ে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতির আক্রমণ-প্রতিআক্রমণের মাঝেই ধরা পড়ল তাঁর এক অনন্য মানবিক সত্তা। ভাষণ শুরুর ঠিক আগেই প্রধানমন্ত্রী যেভাবে এক খুদে ভক্তের কষ্ট লাঘব করতে এগিয়ে এলেন, তাতে আপ্লুত উপস্থিত কয়েক লক্ষ জনতা।
এদিন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের বক্তৃতার পর যখন প্রধানমন্ত্রী মাইক হাতে নেন, তখন ব্রিগেডের উত্তাপ তুঙ্গে। কিন্তু বক্তব্য শুরু করার পরিবর্তে মোদীর নজর আটকে যায় ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এক খুদে শিশুর দিকে। শিশুটি ‘রাম’ সেজে এসেছিল— এক হাতে গদা, আর অন্য হাতে ধরা ছিল প্রধানমন্ত্রীর একটি বড় কাট-আউট। দীর্ঘক্ষণ সেই পোস্টারটি আঁকড়ে ধরে রাখার ফলে সে না পারছিল বসতে, না পারছিল হাত নামাতে।
বিষয়টি লক্ষ্য করা মাত্রই ভাষণ থামিয়ে মোদী মমতার সুরে বলে ওঠেন, “ওই বাচ্চা মেয়েটি সেই কখন থেকে ছবিটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দয়া করে কেউ ওর থেকে ওটা সংগ্রহ করুন, যাতে ও বসতে পারে। ধন্যবাদ বেটা… তুমি খুব সুন্দর ছবি এঁকেছ।”
প্রধানমন্ত্রীর এই সহজ ও স্নেহমাখা ব্যবহারে মঞ্চে উপস্থিত সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্যের মুখেও তৃপ্তির হাসি দেখা যায়। প্রধানমন্ত্রীর নির্দেশে তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা গিয়ে শিশুটির থেকে ছবিটি সংগ্রহ করলে সে স্বস্তিতে নিজের আসনে বসে। শিশুটির পরিবারও প্রধানমন্ত্রীর এই সহৃদয়তায় আপ্লুত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদী শুধু রাজনীতিক নন, বরং সাধারণের সঙ্গে সংযোগ স্থাপনে তিনি যে অনন্য, এদিনের ঘটনা তার আরও এক প্রমাণ। এর আগেও নতুন মেট্রোর উদ্বোধন হোক বা বন্দে ভারত এক্সপ্রেস— পড়ুয়াদের সঙ্গে গল্পে মেতে ওঠা মোদীর চিরকালীন অভ্যাস। এদিনের ব্রিগেডে কয়েক লক্ষ মানুষের ভিড়ের মাঝে সেই ছোট্ট শিশুটির কষ্ট অনুভব করা এবং তার সমাধান করা মোদীকে এক অন্য উচ্চতায় নিয়ে গেল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

