AB Live News
মৃত্যুমিছিল সড়কে, হাওড়া ও পানিহাটিতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১

রাজ্যে বিরামহীন মৃত্যুমিছিল অব্যাহত। মঙ্গলবার সকালে হাওড়ার জগৎবল্লভপুর এবং ভোরে বিটি রোডের পানিহাটিতে পৃথক দুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা, জখম হয়েছেন অন্তত ১৫ জন। একদিকে নিয়ন্ত্রণহীন ঘাতক ট্যাঙ্কার, অন্যদিকে বাসের রেষারেষি ও চালকের অসতর্কতা— এই ত্র্যহস্পর্শে আবারও রক্তে ভিজল রাজপথ। প্রশাসনের নজরদারি নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন।
মঙ্গলবার সকালে ভয়াবহ দৃশ্য দেখল হাওড়ার জগৎবল্লভপুরের নরেন্দ্রপুর। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বেপরোয়া গতির তেলবাহী ট্যাঙ্কার হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারতে শুরু করে। প্রথমে একটি পণ্যবাহী মোটরভ্যান এবং পরে দু’টি বাইককে সজোরে আঘাত করে ঘাতক যানটি।
দুর্ঘটনার তীব্রতায় বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন আরোহী জামিমা ইয়াসমিন। ঘাতক ট্যাঙ্কারটি তাঁকে পিষে দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আরও পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জামিমাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করলেও চালক পলাতক।
অন্যদিকে, মঙ্গলবার ভোরে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিটি রোডের ওপর দুর্ঘটনার কবলে পড়ে একটি বরযাত্রীবোঝাই বাস। একটি লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে সাগর দত্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুমান, ভোরের দিকে চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই বিপত্তি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে এলে উল্টে বরযাত্রীদের একাংশ তাঁদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। খড়দহ থানার পুলিশ বাস ও ট্রাকটিকে আটক করেছে।
গত মাসেই পানিহাটিতে দুই বাসের রেষারেষিতে প্রাণ হারিয়েছিলেন ২ জন। সেই রেশ কাটতে না কাটতেই ফের একই এলাকায় দুর্ঘটনা ঘটায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি থাকলেও ট্রাফিক পুলিশের নজরদারিতে ঘাটতি রয়েছে।
বিটি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় ভোরের দিকে লরি ও বাসের রেষারেষি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
আবার হাওড়া জগৎবল্লভপুরের মতো গ্রামীণ এলাকায় ভারী যানের গতি নিয়ন্ত্রণে কোনও কড়া পদক্ষেপ নেই।
পরপর এই প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে আসার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

