Khabor Ekhon
প্রেমিকাকে হাঁসুয়ার কোপ মেরে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের

পরকীয়া সম্পর্কের টানাপোড়েন থেকে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের লালগোলার উত্তর সুন্দরগঞ্জ এলাকা। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করল তাঁর প্রেমিক। এরপর একই অস্ত্র দিয়ে নিজের গলায় কোপ মেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা চালায় অভিযুক্ত যুবকও। সোমবার দুপুরের এই পৈশাচিক ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জেলাজুড়ে। বর্তমানে দু’জনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
আহত গৃহবধূর নাম শামিমা খাতুন। অভিযুক্ত যুবকের নাম সাহিল সেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শামিমা ও সাহিলের মধ্যে দীর্ঘদিনের একটি বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সোমবার দুপুরে শামিমা যখন বাড়িতে একাই ছিলেন, তখন আচমকাই সেখানে চড়াও হয় সাহিল। অভিযোগ, কথা কাটাকাটির এক পর্যায়ে সাহিল তাঁর সঙ্গে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে শামিমার গলায় ও শরীরে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে। শামিমার আর্তনাদে প্রতিবেশীরা ছুটে আসার আগেই সাহিল নিজের ঘাড়ে ও গলায় কোপ মেরে আত্মহত্যার চেষ্টা করে।
হাসপাতালে চিকিৎসাধীন শামিমা খাতুন পুলিশের কাছে বয়ান দিয়েছেন যে, তিনি বিবাহিত হওয়া সত্ত্বেও সাহিল তাঁকে বারবার বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু শামিমা সংসার ছেড়ে সাহিলকে বিয়ে করতে রাজি ছিলেন না। এই প্রত্যাখান মেনে নিতে না পেরেই সাহিল খুনের উদ্দেশ্যে তাঁর ওপর হামলা চালায় বলে প্রাথমিক অনুমান পুলিশের।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে প্রথমে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের মতে, দু’জনেরই আঘাত গুরুতর, বিশেষ করে সাহিল সেখের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
যে ঘরে এই রক্তাক্ত কাণ্ড ঘটেছে, লালগোলা থানার পুলিশ তদন্তের স্বার্থে সেই ঘরটি সিল করে দিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া রক্তমাখা হাঁসুয়াটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানতে দু’জনের মোবাইল ফোনের কল রেকর্ড ও চ্যাট খতিয়ে দেখছে পুলিশ।
শামিমার স্বামীর সঙ্গেও কথা বলে পারিবারিক ও ব্যক্তিগত বিবাদের তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই সাহিল সেখের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

