Khabor Ekhon
ঘরের মাঠে বিশ্বজয় সূর্যের হাসিতে ভাসল ভারত
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আকাশ তখন আতসবাজির আলোয় রঙিন। গ্যালারিতে লক্ষাধিক মানুষের ‘বন্দে মাতরম’ ধ্বনির মাঝে ট্রফি হাতে দাঁড়িয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব। দু’বছর আগে ২০২৪-এও তিনি বিশ্বকাপ জিতেছিলেন, তবে সেবার ছিলেন শুধুই দলের এক স্তম্ভ। এবার তিনি নেতা। ফাইনালে ব্যক্তিগত রানসংখ্যা শূন্য হতে পারে, কিন্তু তাঁর ক্ষুরধার নেতৃত্ব আর অদম্য জেদ আজ ভারতকে আবারও বিশ্বসেরার সিংহাসনে বসাল।

পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে তৃপ্তির হাসি নিয়ে সূর্যকুমার বললেন, “অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছি, এই অনুভূতিটা হজম করতে কিছুটা সময় লাগবে। ২০২৪ জয়ের পর থেকেই আমাদের লক্ষ্য ছিল ঘরের মাঠে এই ট্রফিটা রাখা। বিসিসিআই এবং রোহিত ভাইয়ের (শর্মা) কাছে আমি কৃতজ্ঞ আমার ওপর ভরসা রাখার জন্য।” গ্যালারিতে বসে তখন প্রাক্তন দুই বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাকেও উচ্ছ্বাসে ভাসতে দেখা গেল।
টুর্নামেন্ট জুড়ে ভারতের বোলিং আক্রমণের মেরুদণ্ড ছিলেন জসপ্রীত বুমরা। ফাইনালেও তাঁর স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বুমরাকে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ এবং সঞ্জু স্যামসনকে ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ হিসেবে ঘোষণা করার পর সূর্য জানান, “বুমরার মতো বোলার এক প্রজন্মে একবারই আসে। ও আমাদের জাতীয় সম্পদ। আর সঞ্জু একদম সঠিক সময়ে নিজের সেরা ফর্মে ফিরে দলের জয় নিশ্চিত করেছে।” উল্লেখ্য, সেমিফাইনালে সঞ্জু নিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার বুমরাকে উৎসর্গ করতে চেয়েছিলেন, যা দলের সংহতির পরিচয় দেয়।
চলতি বিশ্বকাপে চূড়ান্ত অফ-ফর্মে থাকা অভিষেক শর্মা ঠিক ফাইনালের দিনই জ্বলে উঠলেন। ওপেন করতে নেমে তাঁর বিধ্বংসী হাফ-সেঞ্চুরি ভারতকে বড় রানের ভিত গড়ে দেয়। পরে বল হাতেও নিয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচ শেষে আবেগপ্রবণ অভিষেক বলেন, “জীবনের সেরা দিন! প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই চ্যাম্পিয়ন। কঠিন সময়ে টিম ম্যানেজমেন্ট আমার পাশে না থাকলে এটা সম্ভব হত না।”
এই জয় কেবল মাঠের লড়াই নয়, ছিল ব্যক্তি লড়াইয়ে জিতে ফেরার গল্পও। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা ঈশান কিশান এই টুর্নামেন্টে ৩০০-র বেশি রান করে সমালোচকদের জবাব দিয়েছেন। ঈশানের কথায়, “ঘরোয়া ক্রিকেটে কঠোর পরিশ্রমের ফল আজ পেলাম।” অন্যদিকে, বল হাতে টিম সাইফার্টের মতো বিপজ্জনক ব্যাটারকে ফিরিয়ে ভারতের জয় ত্বরান্বিত করেছেন বরুণ চক্রবর্তী। তিনিও ভাগ করে নিলেন তাঁর লড়াইয়ের কাহিনী।
জাতীয় পতাকা গায়ে জড়িয়ে মাঠ প্রদক্ষিণ করার সময় হার্দিক পান্ডিয়াকে দেখা গেল চেনা মেজাজে। অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেন, “দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের অনুভূতিই আলাদা। আমি আরও ১০ বছর খেলতে চাই এবং দেশের ক্যাবিনেটে আরও ১০টি আইসিসি ট্রফি এনে দেওয়াই এখন আমার একমাত্র লক্ষ্য।”
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

