Khabor Ekhon
অমিত শাহকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের, ‘পরিসংখ্যান নিয়ে বসুন, ১০-০ গোলে হারাব’

মথুরাপুরের মাটিতে দাঁড়িয়ে পাঁচ দিনের ব্যবধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতিটি অভিযোগের জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঋণ থেকে নারী নিরাপত্তা, আর আইনশৃঙ্খলা থেকে উন্নয়ন— প্রতিটি ইস্যুতে পরিসংখ্যান তুলে ধরে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সেনাপতি। তাঁর সাফ কথা, “সময় আর জায়গা ঠিক করুন, বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে বাংলার উন্নয়নের তুলনা হলে ১০-০ গোলে হারিয়ে দেব।”
গত সপ্তাহে অমিত শাহ অভিযোগ করেছিলেন, বাংলার প্রতিটি শিশু ৭৭ হাজার টাকার ঋণের বোঝা নিয়ে জন্মায়। এদিন তার পাল্টা জবাবে অভিষেক বলেন, “২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার আগে দেশের ঋণ ছিল ৫৬ লক্ষ কোটি টাকা, যা এখন বেড়ে হয়েছে ১৯৭ লক্ষ কোটি। অর্থাৎ আজ ভারতে কোনও শিশু জন্মালে তার মাথায় ঋণের বোঝা থাকে ১ লক্ষ ৪৪ হাজার টাকা। এই দায় কার?” এই তথ্য ভুল প্রমাণ করতে পারলে মামলার চ্যালেঞ্জও জানান তিনি।
নারী নিরাপত্তা নিয়ে শাহের উদ্বেগের জবাবে অভিষেক এনসিআরবি (NCRB)-র রিপোর্ট তুলে ধরেন। তিনি দেখান, নারী নির্যাতনে প্রথম তিনটি রাজ্য হলো উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থান— যেখানে ডবল ইঞ্জিনের সরকার চলছে। এমনকি খুন, অপহরণ ও দাঙ্গার পরিসংখ্যানেও বিজেপি শাসিত রাজ্যগুলোই যে শীর্ষে, তা তথ্যের ভিত্তিতে প্রমাণ করার চেষ্টা করেন তিনি। অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন, “তৃণমূলকে আক্রমণ না করে দিল্লি পুলিশকে কাজে লাগান, দেখুন কে আপনাকে এইসব ভুল তথ্য লিখে দিচ্ছে।”
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মানের অভিযোগ প্রসঙ্গে অভিষেক সভায় একটি ছবি প্রদর্শন করেন। যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী বসে আছেন এবং রাষ্ট্রপতি দাঁড়িয়ে। অভিষেকের প্রশ্ন, “আদিবাসী দরদি সাজার নাটক করবেন না। রামমন্দির বা সংসদ ভবন উদ্বোধনে কেন রাষ্ট্রপতিকে ব্রাত্য রাখা হয়েছিল?” মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতির নীরবতা নিয়েও এদিন সরব হন তিনি।
যুবসাথী প্রকল্প: অভিষেক ঘোষণা করেন, সোমবার ও মঙ্গলবারের মধ্যে ৮৯ লক্ষ আবেদনকারীর অ্যাকাউন্টে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা পৌঁছে যাবে।
বেতন কমিশন: বিজেপি ক্ষমতায় এলে বেতন কমিশন চালুর প্রতিশ্রুতির উত্তরে তিনি মনে করিয়ে দেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বাজেটে এর ঘোষণা করেছেন।
রাজনৈতিক লক্ষ্য: ২০২১-এ এই জেলায় ৩১-এ ৩০ পেয়েছিল তৃণমূল। এবার অভিষেকের লক্ষ্য ৩১-০।
অমিত শাহের সভায় ভিড় না হওয়া নিয়ে বিদ্রুপ করে অভিষেক বলেন, “জেসিবি দিয়ে মাটি কাটা দেখতেও এর চেয়ে বেশি লোক জড়ো হয়। সেদিন ক্যামেরা শুধু মঞ্চ দেখাচ্ছিল কারণ সামনে লোক ছিল না।”
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Sudeshna Biswas, দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Sudeshna Biswas হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

