Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভবানীপুরের ‘ভূত’ ধর্মতলায়!

0 7,633,043

মমতার ধরনা মঞ্চে জীবিত ভোটারদের ‘ভূত’ হাঁটিয়ে কমিশন-বিজেপিকে তীব্র আক্রমণ
কলকাতা: নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট লুট’-এর অভিযোগ তুলে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চে ফের উত্তাল হয়ে উঠলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি তাঁর নিজের কেন্দ্র ভবানীপুর থেকে বাদ পড়া প্রায় ৪৭ হাজার ভোটারের মধ্যে কয়েকজনকে মঞ্চে হাজির করে ‘ভবানীপুরের ভূত’ হাঁটালেন। এই ভোটারদের নির্বাচন কমিশন ‘মৃত’ বলে চিহ্নিত করলেও তাঁরা জীবিত এবং সুস্থ অবস্থায় মঞ্চে উপস্থিত হয়ে নিজেদের নথি দেখিয়ে অভিযোগের সত্যতা প্রমাণ করলেন।
শুক্রবার থেকে শুরু হওয়া এই অবস্থান ধর্মতলায় চলছে। শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভ্যানিশ কুমার ভ্যানিশ করে দিয়েছে। ভোট লুট করছে, গণতান্ত্রিক অধিকার লুট করছে। সুপ্রিম কোর্টকে অমান্য করে বিজেপির এজেন্সি গণতন্ত্র লুট করছে।” তিনি স্পষ্ট করে দেন যে, এই অনৈতিক কাজের জবাব নির্বাচন কমিশনকে বাংলার জনগণের কাছে দিতেই হবে। “ভারতের জনগণকে জবাব দিন। ডার্টি বিজেপি, ন্যাস্টি বিজেপি। সেলফিশ জায়ান্ট প্লেয়িং সেলফিশ গেমস,” বলে তীব্র কটাক্ষ করেন তিনি।
মমতা অভিযোগ করেন, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় রাজ্যজুড়ে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ভবানীপুর কেন্দ্রে একা প্রায় ৪৭ হাজার নাম কাটা গেছে, যা তাঁর ২০২১-এর উপনির্বাচনের জয়ের মার্জিনের কাছাকাছি। তিনি প্রশ্ন তোলেন, “এত মানুষের মৃত্যু, হৃদয়ে মায়া জাগে না? বাংলা কেন টার্গেট? বিহারে আধার গ্রহণ হয়েছে, বাংলায় নয় কেন? বিহারে লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না, বাংলায় কেন?”
তৃণমূল সুপ্রিমো আরও বলেন, সংখ্যালঘু, কৃষক, মতুয়া, রাজবংশীসহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটারদের নাম কাটা হয়েছে। “বাংলাই লড়বে। এদের নাম ঢোকান। আমার অনুরোধ, মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করুন। গণতন্ত্রকে রক্ষা করুন। বৈধ কাগজ থাকা সত্ত্বেও সব বৈধ ভোটারকে বাদ দিচ্ছে। জনগণ না থাকলে আপনারাও থাকবেন না।”
কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “লক্ষ্মীর ভাণ্ডারকে ভয় পায় আর বলছে মা অন্নপূর্ণা! মেয়েদের নাম বাদ দিলে কেউ ক্ষমা করবে না। সব দরজা বন্ধ, এখন জনগণের দরবারে এসেছে বিচার চাইতে। ১ কোটি ২৫ লক্ষ মানুষ আজকে কাঁদছে, কে অন্যায় করল? শুধু বিজেপির ভোটার থাকবে?” তিনি আরও অভিযোগ করেন যে, বিএলও (বুথ লেভেল অফিসার) এবং বিডিও-দের নামও কাটা হয়েছে।
এই ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হাজার হাজার সমর্থক জড়ো হয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে, ধর্না চলবে এবং প্রয়োজনে আরও বড় আন্দোলন হবে। আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যজুড়ে তীব্র বিতর্ক চলছে, যা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper