Khabor Ekhon
দাম্পত্য কলহের চরম পরিণতি, রাগের মাথায় স্বামীর পেটে ধারালো অস্ত্রের কোপ স্ত্রীর!

সামান্য বচসা যে রক্তক্ষয়ী রূপ নিতে পারে, তা কল্পনাও করতে পারেননি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামের বাসিন্দারা। শুক্রবার রাতে পারিবারিক বিবাদের জেরে নিজের স্বামীর পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। আক্রান্ত যুবকের নাম হজরত লস্কর। বর্তমানে তিনি কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত হজরত লস্কর গত প্রায় এক বছর ধরে উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িতেই ঘরজামাই হিসেবে থাকতেন। প্রতিবেশীদের দাবি, ইদানীং স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই খুঁটিনাটি বিষয় নিয়ে অশান্তি লেগে থাকত। শুক্রবার রাতে সেই বিবাদ চরম আকার ধারণ করে। উত্তপ্ত বাক্যবিনিময় চলাকালীন হঠাৎই মেজাজ হারিয়ে ফেলেন হজরতের স্ত্রী। অভিযোগ, হাতের কাছে থাকা একটি ধারালো অস্ত্র নিয়ে তিনি অতর্কিতে স্বামীর পেটে সজোরে কোপ বসিয়ে দেন।
আঘাত এতটাই গুরুতর ছিল যে হজরতের পেট ফুঁড়ে রক্ত ঝরতে শুরু করে। কিন্তু চাঞ্চল্যকর বিষয় হল, সেই রক্তাক্ত এবং যন্ত্রণাকাতর অবস্থাতেই কোনওমতে নিজেকে সামলে নিজেই চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে পৌঁছান হযরত। তাঁর এই অবস্থা দেখে হাসপাতাল চত্বরে হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে ছুটে আসেন তাঁর পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।
ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর দেখেন, ক্ষতের গভীরতা অত্যন্ত বেশি এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হজরতের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে রাতেই চিকিৎসকরা তাঁকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক।
এই ঘটনায় ইতিম্যধেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হজরতের পরিবার। অভিযোগ পাওয়ার পর থেকেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে শুক্রবার রাতের ওই কাণ্ড ঘটানোর পর থেকেই ঘরছাড়া অভিযুক্ত স্ত্রী। তাঁর খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। শ্বশুরবাড়ির লোকেদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

