Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিফলে বেথেলের শতরান, দুরন্ত লড়াই ইংল্যান্ডের, হাইস্কোরিং ম্যাচ জিতে ফাইনালে ভারত

0 91,209,462

সেমিফাইনালে আবারও জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন। কলকাতার ইডেন গার্ডেন্সে মাস্ট উইন ম্যাচে দুরন্ত ইনিংস খেলার পর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেও একই ছন্দ বজায় রাখলেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২৫৩ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। তবে জয় খুব সহজে আসেনি ভারতের। মাত্র ৭ রানে জিতেছে তারা।
এদিন টস হারেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ইংল্যান্ড দলে ছিল একটি বদল। রেহান আহমেদের বদলে ঢুকলেন জেমি ওভারটন। ভারতীয় দল ছিল অপরিবর্তিত।
তবে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় সঞ্জু স্যামসনকে। প্রথম ওভারেই জোফরা আর্চারের বিরুদ্ধে বাউন্ডারি ও ছক্কা হাঁকিয়ে ভারতের স্কোর ১২ রানে পৌঁছে দেন তিনি। কিন্তু ওপেনিং সঙ্গী অভিষেক শর্মা আবারও ব্যর্থ হন। জ্যাকসের ডেলিভারিতে পুল শট মারতে গিয়ে সল্টের হাতে ক্যাচ তুলে মাঠ ছাড়লেন। সংগ্রহ মোটে ৯ রান। এরপরই ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত। নিজের দ্বিতীয় ওভারে আর্চারের বলে মিড-অনে সঞ্জুর সহজ ক্যাচ ফেলেন ইংল্যান্ডের ফিল্ডার। সেই সুযোগের পুরো সদ্ব্যবহার করেন সঞ্জু। পরের বলেই ছক্কা হাঁকিয়ে চাপ কাটান তিনি এবং এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মাত্র ২৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার।
অন্যদিকে ঈশান কিসানও সমান তালে আক্রমণ চালান। দু’জনের দাপুটে ব্যাটিংয়ে মাত্র ৮.৪ ওভারেই ১০০ রানের গণ্ডি পার করে ভারত। কিসান ১৮ বলে ৩৯ রান করে আদিল রশিদের বলে আউট হন।
সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন সঞ্জু। তবে শেষ পর্যন্ত শতরান থেকে ১১ রান দূরে থামতে হয় তাঁকে। উইল জ্যাকসের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে ৪২ বলে ৮৯ রানে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল আটটি চার ও সাতটি ছক্কা। তখন ভারতের রান ১৩.১ ওভারে ৩ উইকেটে ১৬০।
এরপর শিবম দুবে ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটেও বড়ো রান আসেনি। তিনি মাত্র ৬ বলে ১১ রান করে স্ট্যাম্প আউট হন। হার্দিক পান্ডিয়াও ১২ বলে ২৭ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। শেষ পর্যন্ত ভারতের ইনিংস থামে ৭ উইকেট ২৫৩ রানে।
এত রান করেও অবশ্য শান্তিতে থাকতে পারেনি টিম ইন্ডিয়া। জিতেছে মাত্র ৭ রানে! একটা সময় তো হারের ভ্রুকুটি উঁকি দিচ্ছিল ভারতীয় সমর্থকদের মনে। সৌজন্যে জেকব বেথেল। মাত্র ৪৮ বলে ১০৫ রান করেন তিনি। প্রায় শেষ পর্যন্ত থেকে দলকে টেনে নিয়ে যান জয়ের দোরগোড়ায়। তবে শেষ পর্যন্ত বুমরার ওভার এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ৭ উইকেট হারিয়ে ২৪৬ রানে থামে ইংল্যান্ড। হারলেও, তাঁদের লড়াইকে কুর্নিশ জানিয়েছে ক্রিকেট বিশ্ব।
ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। ট্রফি ধরে রাখার লক্ষ্যে এবার গম্ভীরের দলের সামনে নিউজিল্যান্ড।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper